হাবড়ায় প্রচারে বেরিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে রাহুল সিনহা

সুশান্ত ঘোষ, হাবড়া, ৩০ মার্চ: নিজের বিধানসভা কেন্দ্রে প্রচারে এসে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়লেন উত্তর ২৪ পরগনার হাবড়ার বিজেপি প্রার্থী রাহুল সিনহা। মঙ্গলবার সকালে হাবড়া বিধানসভা কেন্দ্রের নালন্দা মোড়ে  চায়ে পে চর্চায় আসেন রাহুলবাবু। তাঁর অভিযোগ, প্রচারে বাধা দিতে সেই সময় বাইরে থেকে তৃণমূলের কিছু লোকজন এসে বিক্ষোভ দেখাতে শুরু করে।

স্থানীয় সূত্রের খবর, হাবরার নালন্দা মোড়ে একটি  চায়ের দোকানে বসে কর্মীদের নিয়ে চা খাচ্ছিলেন বিজেপি প্রার্থী  রাহুল সিিনহা। পাশেই বিপর্যয় মোকাবেলার অফিসের সামনে দাড়িয়ে সাফাই কর্মীদের সঙ্গে তিনি কথা বলছিলেন। কর্মীরা রাহুলবাবুর সঙ্গে হাতে হাতমিলিয়ে কথা বলেন, এমনকী তাঁকে আপ্যায়ন করে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি বদলে যায়। বাইরে থেকে কয়েকজন তৃণমূলের কর্মী এসে বিক্ষোভ শুরু করে এবং খেলা হবে বলে স্লোগান দেয়। পরে ওই সাফাই কর্মীদের জোর করে বাইরে এনে বিক্ষোভে সামিল করে তৃণমূল কর্মীরা। রাহুলবাবু বলেন,  এই ভাবে সাফাই কর্মীদের কাজে লাগিয়ে স্লোগান দিতে বাধ্য করছে তৃণমূল। রাহুলবাবু বলেন, এতে এক প্রকার তাঁর ভালোই হয়েছে, হাবড়ার মানুষ দেখতে পেলেন  তৃণমূলের আসল চরিত্র। তাছাড়া এই ঘটনায় এলাকায় প্রচুর মানুষ বেরিয়ে আসেন, তাতে জনসংযোগ করতে সুবিধা হয়েছে। এছাড়া ওই এলাকায় প্রচারে গেলে রাহুলবাবুকে কাছে পেয়ে তৃণমূলের বিরুদ্ধে এক রাশ অভিযোগ করেন এলাকার বাসিন্দারা।            

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *