স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৩০ মার্চ: কংগ্রেস নেত্রী দীপা দাসমুন্সির নেতৃত্বে মঙ্গলবার ইসলামপুর মহকুমার চার সংযুক্ত মোর্চার প্রার্থী সুবিশাল র্যালি করে মনোনয়ন পত্র দাখিল করলেন। ইসলামপুর মহকুমা শাসকের কাছে আজ মনোনয়ন পত্র দাখিল করলেন চোপড়া বিধানসভার সিপিএম প্রার্থী আনোয়ারুল হক, ইসলামপুর বিধানসভার কংগ্রেস প্রার্থী সাদিকুল ইসলাম, চাকুলিয়ার ফরওয়ার্ড ব্লক প্রার্থী আলি ইমরান রামজ এবং গোয়ালপোখর বিধানসভার কংগ্রেস প্রার্থী নাসিম এহেসান। সংযুক্ত মোর্চার নেত্রী দীপা দাসমুন্সি এই ৪ জন প্রার্থী এবং বাম-কংগ্রেস ও আইএসএফ কর্মীদের নিয়ে বিশাল র্যালি করে ইসলামপুর শহরে। সংযুক্ত মোর্চার প্রার্থীদের এই মনোনয়ন মিছিলে কর্মী সমর্থদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায়।
প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদিক দীপা দাসমুন্সি জানিয়েছেন, মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আজ এসেছেন, যে জনজোয়ার আজ দেখা গিয়েছে তাতে আমি ভীষণ আশাবাদী সংযুক্ত মোর্চার প্রার্থীরা জয়লাভ করবে। প্রায় একবছর কাল যাবৎ করোনা এবং কোয়ারেন্টাইন সমস্যার কারণে তিনি জেলায় আসতে পারেননি। তবে তিনি রাজনীতির সাথেই যুক্ত রয়েছেন বলে জানিয়েছেন।

এদিকে পর পর দুবারের বিধায়ক তথা লড়াকু তরুণ তুর্কি ফরোয়ার্ড ব্লক নেতা আলি ইমরান রামজ বলেন, মানুষের আবেগ আর উচ্ছ্বাস জানান দিচ্ছে সংযুক্ত মোর্চা দিকে দিকে জয়লাভ করবে। মানুষ চাইছে রাজ্যের স্বৈরাচারী তৃণমূল কংগ্রেস সরকারের পতন এবং ধর্মীয় মেরুকরণ ও জাতপাতের রাজনীতি করা বিজেপিকে হারাতে। ধর্মনিরপেক্ষ সংযুক্ত মোর্চার জোটই রাজ্যে শান্তি এবং উন্নয়ন ও বেকারদের কর্মসংস্থান করবে।
এদিনের ইসলামপুরে সংযুক্ত মোর্চার প্রার্থীদের মনোনয়নকে ঘিরে ইসলামপুর মহকুমাশাসকের দপ্তর নিরপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছিল।

