বাবার অপূর্ণ কাজ সম্পূর্ণ করতে মায়ের সঙ্গে প্রচারে বেড়িয়েছে হেমতাবাদের কিশোরী সৃষ্টি

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৩০ মার্চ: “পাঁচ বছর আগে বয়সটা যখন ছিল ১১ তখন থেকেই বাবার সাথে প্রচারে যেতাম। আজ বাবা নেই, মায়ের সাথেই সেইসব জায়গায় প্রচারে যাচ্ছি। কিন্তু একটা শূন্যতা ঘিরে রয়েছে আমাকে।” হেমতাবাদের প্রয়াত বিজেপি বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের ষোড়শী কন্যা সৃষ্টি এবার মায়ের হয়ে প্রচারে বেড়িয়ে এভাবেই স্মৃতিচারণা করলেন। মনে পড়ছে বাবার কথা, বাবার উপদেশ। এখন লক্ষ্য বাবার স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে মা তথা প্রার্থী চাঁদিমা রায়কে জয়ী করা।

২০২০ সালের ১৩ জুলাই বাড়ি থেকে দু’কিলোমিটার দূরে বালিয়া মোড় এলাকায় বাবা বিজেপি বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের ঝুলন্ত মৃতদেহ দেখেছিল নাবালিকা মেয়ে সৃষ্টি। বাবার এই রহস্যজনক মৃত্যুর ঘটনায় প্রতিবাদে গর্জে উঠতে দেখেছিল হেমতাবাদের মানুষকে। সকলের সাথে সেও সেদিন ঘটনার পূর্নাঙ্গ তদন্তের দাবিতে সোচ্চার হয়ে উঠেছিল। বাবা দেবেন্দ্র নাথ রায়ের মৃত্যুর পর এবার হেমতাবাদ বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে তার মা চাঁদিমা রায়কে। মায়ের হাত শক্ত করতে মায়ের সাহারা হয়ে উঠতে দলীয় কর্মীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নির্বাচনী লড়াইয়ে মাকে জয়ী করতে ময়দানে নেমেছে ১৬ বছর বয়সী সৃষ্টি।

সৃষ্টি জানালো বাবার কথা বারেবারে মনে পড়ছে তার। সকাল হলেই মানুষের কাজের জন্য বেড়িয়ে পড়তেন বাবা বিধায়ক দেবেন্দ্র নাথ রায়। কাজের ফাঁকেই মাঝেমধ্যে ফোন করতেন তাকে। অনেক দিনই নিজে হাতে খাইয়ে স্কুলে পাঠাতেন তিনি। সেদিনের মতো আজও সব আছে। আছে দলের কর্মী সমর্থকরা। খোঁজখবর দেখাশুনা করছেন অনেকেই। কিন্তু বাবা নেই–সেই বাবা যাঁর হাত ধরেই ২০১৬ সালের নির্বাচনে প্রচারে যেতো সে। একটা শূন্যতা ঘিরে রয়েছে তাকে। তাই বাবার অপূর্ণপ কাজ সম্পূর্ণ করতে মায়ের হাত শক্ত করতে ১৬ বছরের কিশোরী প্রচারে বেড়িয়েছে সে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *