আমাদের ভারত, ৯ মে: দেশের প্রাচীন সংস্কৃতি ও সনাতন ধর্মের নীতিকে অবশ্যই পুনরুজ্জীবিত করতে হবে। এমনটাই মনে করেন কেরলের রাজ্যপাল আরিফ খান। রাজ্যে কালান টাউনে একটি স্কুলের উদ্বোধনে গিয়ে এই কথা বলেছেন তিনি।
আরিফ খানের কথায়, “ভারতের প্রাচীন সংস্কৃতিকে ফিরিয়ে আনতে প্রতিনিয়ত কাজ করে যেতে হবে আমাদের। আর প্রাচীন সংস্কৃতিকে ফিরিয়ে আনা মানে এই নয় যে পিছিয়ে যেতে হবে। আমাদের সনাতন সংস্কৃতিকে ফিরিয়ে আনা দরকার। আর শিক্ষা ছাড়া তা সম্ভব নয়।” তার কথায় স্বামী বিবেকানন্দের প্রসঙ্গ উঠে আসে। তিনি মনে করিয়ে দেন স্বামী বিবেকানন্দ বলেছিলেন মানুষের জীবনের উদ্দেশ্য হল জ্ঞান অর্জন আর নম্রতা তার ফল। যার নম্রতা আছে তাকে কখনো অবহেলা করা যায় না।
সনাতন ধর্ম প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, সনাতন ধর্ম এমন এক জীবন যাপনের পদ্ধতি যার কিছু নির্ধারিত নীতি রয়েছে। এই নির্ধারিত নীতি জীবনের জন্য শুভ। সনাতন ধর্মের সাধারণ গুণগুলির কথা তিনি তুলে ধরেন, সেগুলি হল সততা, সদিচ্ছা, করুণা, পবিত্রতা, আত্মসংযম, উদারতা, ধৈর্য, সহনশীলতা এবং তপস্যা।
প্রসঙ্গত উল্লেখ্য, কর্ণাটকের হিজাব বিতর্কে তিনি স্পষ্ট জানিয়েছিলেন মুসলিম মহিলাদের অগ্রগতিকে আটকে দিতে এটি আসলে একটি চক্রান্ত ছাড়া আর কিছুই নয়। তিনি দাবি করেছিলেন হিজাব ইসলামের অংশ নয়। কোরানের সাতবার হিজাবের প্রসঙ্গ তোলা হলেও কোথাও এটিকে পোশাক হিসেবে বর্ণনা করা হয়নি। তার মতে শিখদের পাগড়ির সঙ্গে হিজাবের তুলনা টানা কখনোই যুক্তিযুক্ত না।

