আমাদের ভারত, ৯ মে: সোমবার ভোরে অতর্কিতে ভারতের সীমানা পেরিয়ে পাঞ্জাব সীমান্তে ঢুকে পড়ে একটি পাক ড্রোন। সঙ্গে সঙ্গে বিএসএফ জওয়ানরা গুলি চালিয়ে ড্রোনটিকে নামিয়ে আনেন। ড্রোনটি থেকে প্রায় ১০ কিলো হেরোইন উদ্ধার করা হয়েছে।
বিএসএফ সূত্রে খবর অমৃতসরের সীমান্তবর্তী ভারোপালের গ্রামে একটি পাকিস্তানের ড্রোন দেখতে পান নিরাপত্তারক্ষীরা। সঙ্গে সঙ্গে বিএসএফ জওয়ানরা সেটিকে লক্ষ্য করে গুলি চালায়। নামিয়ে আনা হয় ড্রোনটিকে। প্রায় কুড়ি কিলোগ্রাম হেরোইন উদ্ধার হয়েছে। ওই মাদকের মূল্য প্রায় ৪৫ কোটি টাকা।
একটি টুইটের মাধ্যমে বিএসএফ জানিয়েছে, পাকিস্তান থেকে ড্রোনের মাধ্যমে মাদক পাচার করার আরও একটি চেষ্টা ভেস্তে দিয়েছে বিএসএফ। পাকিস্তান থেকে আসা ড্রোনকে গুলি করে নামিয়ে আনেন জওয়ানরা। নয়টি প্যাকেটে মোড়া ১০ কেজি হেরোইন পাওয়া গেছে।
অন্যদিকে রবিবার পাঞ্জাবের তারন তারান থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি শক্তিশালী আইডি উদ্ধার করা হয়। নিরাপত্তারক্ষীরা মনে করছেন পাকিস্তান থেকে ড্রোনের মাধ্যমে বোমাটি ভারতে পাচার করা হয়েছিল। মূলত অস্ত্রশস্ত্র ও মাদকদ্রব্য ছড়াতে সীমান্তরেখা পেরিয়ে গ্রামগুলিতে ড্রোন পাঠায় পাকিস্তান। প্রসঙ্গত উল্লেখ্য, অতিমারির সময় থেকেই সীমান্তে পাক হামলার ঘটনা বেড়েছে। ভারতীয় সেনার জবাবে বহু জঙ্গির মৃত্যুর পর থেকেই ড্রোনের মাধ্যমে সীমান্ত পেরিয়ে অস্ত্র এবং মাদক পাচার বেড়েছে। তবে অনেকেই মনে করছেন ড্রোনের মাধ্যমে একাধারে যেমন পাচারের কাজ হচ্ছে একই সঙ্গে সীমান্তে কতটা সজাগ পাহারাদারি রয়েছে তাও জেনে নেওয়ার চেষ্টা চালানো হচ্ছে।

