স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৯ মে: পুকুর খনন করতে গিয়ে প্রাচীন আমলের বিষ্ণুমূর্তি উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার অন্তর্গত গৌরী পঞ্চায়েতের হাতিয়া এলাকায়।
জানা গেছে, স্থানীয় বাসিন্দা আজিদ খানের জমিতে পুকুর খননের কাজ চলছিল। সোমবার মাটি খননের সময় উদ্ধার হয় কৃষ্ণ বর্ণের প্রাচীন আমলের একটি মূর্তি। ঘটনার খবর পেয়ে ওই এলাকায় ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। স্থানীয় পঞ্চায়েত প্রধান সীমা মন্ডলের সহযোগিতায় মূর্তিটি রায়গঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। মূর্তিটি কিসের এবং কত বছরের প্রাচীন তা খতিয়ে দেখছে প্রত্নতত্ত্ব বিভাগ।

অপরদিকে শৌচালয়ের গর্ত খোঁড়ার সময় প্রাচীন আমলের পুরনো মুদ্রা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার বসতপুর এলাকায়। জানা গেছে, বসতপুর এলাকার বাসিন্দা মহম্মদ আলম নামে এক ব্যাক্তির বাড়িতে শৌচালয়ের ট্যাঙ্কের জন্য গর্ত খোঁড়ার কাজ চলছিল। সেই সময় আচমকা একটি মাটির হাঁড়ি বেড়িয়ে আসে। সেটি উপরে নিয়ে এসে ভাঙা হলে কিছু পুরনো মুদ্রা উদ্ধার হয়। ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকাজুড়ে।
খবর পেয়ে চাকুলিয়া থানার অন্তর্গত কানকি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে ওই মুদ্রাগুলি উদ্ধার করে নিয়ে যায়।

