কোনও ভাতা মেলেনি, সমস্যায় ঝাড়গ্রামের মৃৎশিল্পীরা

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৪ সেপ্টেম্বর:
করোনা পরিস্থিতির ফলে চরম বিপাকে পড়েছেন মৃৎশিল্পীরা। প্রতিবছর রথের দিন থেকেই বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রতিমা তৈরির বরাত দেওয়া হতো। কিন্তু এবছর হাতেগোনা দুএকটি সংগঠন ছাড়া এখনো পর্যন্ত কেউ প্রতিমা তৈরীর বরাত দেয়নি। যার ফলে চরম বিপাকে পড়েছেন ঝাড়গ্রাম শহরের নতুন ডিহি এলাকার মৃৎশিল্পীরা।

ঝাড়গ্রাম এর প্রবীন মৃৎশিল্পী শিব শঙ্কর সিংহ বলেন, আগে এই সময় কথা বলার সময় থাকত না, প্রতিমা তৈরীতে সকলেই ব্যস্ত থাকতো। কিন্তু এ বছর দুর্গা প্রতিমা গণেশ ঠাকুর, মনসা ঠাকুর ও কালী ঠাকুরের মূর্তি তৈরির সেভাবে অর্ডার আসেনি। হাতে গোনা দুই একটি গণেশ ঠাকুর তৈরি করার বরাত এসেছে। এতে সংসার চলবে কিভাবে? আমরা কি ভাবে বেঁচে থাকবো তা নিয়ে চিন্তায় পড়েছি। রাজ্য সরকারের কাছে আমরা সরকারি সাহায্য চেয়ে আবেদন করেছি। কিন্তু এখনো পর্যন্ত মৃৎশিল্পীরা রাজ্য সরকারের কাছ থেকে কোনো সহযোগিতা কিংবা কোনও ভাতা পায়নি। যেখানে বিভিন্ন লোক শিল্পীরা রাজ্য সরকারের কাছ থেকে ভাতা পাচ্ছে সেখানে মৃৎশিল্পীরা বঞ্চিত। তিনি আরো বলেন, যদি সরকার তাদের পাশে না দাঁড়ায় তাহলে আগামী দিনে মৃৎশিল্পীদের না খেয়ে অনাহারে মরতে হবে। যার ফলে ঝাড়গ্রামের মৃৎশিল্পীরা চরম অসহায় অবস্থার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *