আমাদের ভারত, শিলিগুড়ি, ২৩ এপ্রিল: করোনার পর ফের ভিড় বাড়ছে উদ্যানে। আবালবৃদ্ধবনিতা সকলেই আসছেন। তাই এবার উত্তরবঙ্গের ৩২টি উদ্যানকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিল বনদফতর। কারণ এখন উদ্যানে অনেক বেশি রাজস্ব আদায় হচ্ছে। এবছর রেকর্ড রাজস্ব আদায় হতে পারে বলেও জানিয়ে দিলেন উত্তরবঙ্গের উদ্যান বিভাগের ডিএফও অঞ্জন গুহ। তিনি বলেন, “যেভাবে ভিড় বাড়ছে তাতে আগের সব রেকর্ড ভেঙে যাবে।”
নেটযুগে এখন বাচ্চারা মোবাইলেই বন্দি। দিনভর লেখাপড়া আর মোবাইলে গেম খেলেই দিন কাটে তাদের। কিন্তু এখন অনেক অভিভাবক বাচ্চাদের মোবাইল থেকে দূরে সরাতে তাদের পাড়ার উদ্যানে নিয়ে যাচ্ছে। সেখানে খেলার সরঞ্জাম থাকে। আর তাতেই মেতে উঠে বাচ্চারা। কিন্তু এখনও বেশ কিছু উদ্যানে খেলার সরঞ্জাম কম রয়েছে। এছাড়াও উদ্যান গুলোকে আরও আকর্ষনীয় করে তোলাই লক্ষ্য বনদফতরের। তারা চাইছে নতুন উদ্যান তৈরি করতে।

জানা গিয়েছে, মনোরঞ্জনের জন্য শনিবার ও রবিবার করে স্থানীয় লোকশিল্পীদের নিয়ে উদ্যানে অনুষ্ঠান করা। এছাড়া বিনা প্লাস্টিকে যে কোনও অনুষ্ঠানের জন্য উদ্যান ভাড়া দেওয়ার পরিকল্পনা রয়েছে দফতরের। এমনকি হর্টিকালচার দফতরের সঙ্গে আলোচনা চলছে আরও নতুন কিছু করার জন্য। তারা একটি প্রস্তাবও পাঠিয়েছে সরকারকে।
এদিন ডিএফও অঞ্জন গুহ বলেন, “করোনার পর মানুষ সেভাবে বাইরে ঘুরতে যেতে চাইছে না। তাই উদ্যানে উদ্যানে ভিড় বাড়ছে। আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন উদ্যানে আমরা নতুন কিছু করার চেষ্টা করেছি। যেমন মালবাজার, বালুরঘাট ও কোচবিহারে খোলা আকাশের নীচে জিম রয়েছে। আবার কোথাও রয়েছে সেলফি জোন কোথাও টয় ট্রেন। এর বাইরেও আরও কিছু করা যায় কি না তা নিয়ে চিন্তা ভাবনা চলছে।”
তিনি আরও বলেন, “করোনার সময় উদ্যান বন্ধ থাকায় কিছুটা ক্ষতি তো হয়েছিল সরকারের। কিন্তু খোলার পর যেভাবে ভিড় বাড়ছে তাতে এই অর্থবর্ষে রেকর্ড রাজস্ব আদায় হবে। করোনার আগে আমরা প্রায় ১কোটি টাকা রাজস্ব আদায় করেছি। এবার তা আরও ৫০শতাংশ বেড়ে যাবে।”

