শিলিগুড়ি শহরে যানজট কমাতে পুলিশের তরফে বাড়ানো হচ্ছে নজরদারি, ৭৩৭টি স্কুল বাসে লাগানো হচ্ছে জিপিএস

আমাদের ভারত, শিলিগুড়ি, ২৩ এপ্রিল: শিলিগুড়ি শহরের যানজট কমাতে এবার নজরদারি বাড়ানো হচ্ছে স্কুলবাসে। শহরের প্রায় ৭৩৭টি বাসেই লাগানো হচ্ছে জিপিএস। যার কন্ট্রোলরুম হচ্ছে পুলিশ কমিশনারেটে। যাতে কোনও রাস্তায় যানজটের সৃষ্টি হলে সঙ্গে সঙ্গে তা জানতে পারে পুলিশ।

এবিষয়ে বৃহস্পতিবার বিকেলে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে বৈঠক করেন ডিসিপি ট্রাফিক অভিষেক গুপ্তা। তিনি বলেন, “প্রয়োজনে রুট বদল করা হবে বাসের।”

শিলিগুড়ি শহরে পাল্লা দিয়ে বেড়ে চলেছে বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল। তার সঙ্গেই বাড়ছে বাসের সংখ্যা। করোনার আগেও শহরে প্রায় ৬০০ বাস ছিল। কিন্তু এখন শহরে প্রায় ৭৩৭টি বাস চলাচল করে। আর এই বাসের কারণেই শহরে দুপুরবেলা স্কুল ছুটির সময় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। কারণ স্কুলবাস গুলোর কোনও নির্দিষ্ট রুট নেই। এমনকি তারা যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ে। তাই জিপিএসের মাধ্যমে প্রতিটি বাসের মনিটরিং করবে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। আর কোনও রাস্তায় যদি স্কুল বাসের জন্য যানজট হয় তা কমিশনারেট থেকে জানানো হবে। তখনই সেখানে গিয়ে যানজট কমাতে ব্যবস্থা নেবে ট্রাফিক পুলিশ।

যানজট ক্রমশ শিলিগুড়ি শহরের মাথা ব্যাথার কারণ হয়ে উঠছে। তাই তা নিয়ন্ত্রণ করতেই এহেন পদক্ষেপ নিচ্ছে পুলিশ কমিশনারেট। কারণ মাঝেমধ্যে শহরের এমন হাল হয় যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তাই ট্রাফিক পুলিশ এই পদক্ষেপ নিতে চলেছে।

এপ্রসঙ্গে ডিসিপি ট্রাফিক অভিষেক গুপ্তা বলেন, “প্রতিটি স্কুলকে বলা হয়েছে বাসে জিপিএস লাগানোর জন্য। পাশাপাশি বাসের ভেতর ক্যামেরা লাগানোরও নির্দেশ দেওয়া হয়েছে। আর জিপিএস থাকলে আমাদের যানজট নিয়ন্ত্রণ করতে সুবিধা হবে। আগের থেকে আমরা যদি জানতে পারি বাসগুলোর সম্পর্কে তাহলে কাজ করতে সুবিধা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *