ডাকাতির সঙ্গে যুক্ত পুলিশ আধিকারিক! নৈহাটিতে ধৃত এক এএসআই

আমাদের ভারত, ব্যারাকপুর, ২৩ এপ্রিল: ডাকাতির অভিযোগে বিধাননগর কমিশনারেটের এক এএসআই নির্ভয় কুমার পান্ডেকে গ্রেপ্তার করলো নৈহাটি থানার পুলিশ। গত পরশু দিন নৈহাটির কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর এক ব্যবসায়ীকে কম পয়সায় গম পাইয়ে দেওয়ার জন্য ফোন করা হয়, সেই মতো ব্যবসায়ী ব্লাইন্ড স্কুলের সামনে অপেক্ষা করছিলেন। ফোনে তাকে বার বার বিভ্রান্ত করা হচ্ছিল বলে অভিযোগ। সেই সময় একটি গাড়ি আচমকাই কল্যাণী এক্সপ্রেসের উপর এসে দাঁড়ায় এবং এই ব্যবসায়ীকে বলা হয় যে তিনি অসৎ উপায়ে ব্যবসা করছেন। অভিযোগ, ব্যবসায়ীকে হেনস্থা করা হয়। তখন তিনি চিৎকার করলে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং সেখান থেকে হাতেনাতে দু’জনকে তারা ধরে ফেলেন।

যদিও এক জন সেই সময় ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এর পর তাদের নৈহাটি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃত ওই দুষ্কৃতীদের পুলিশ জেরা করতে থাকে। পুলিশের জেরা অভিযুক্তরা জানায় যে তাদের সঙ্গে ছিলেন বিধাননগর কমিশনারেট এক এএসআই। যার নাম নির্ভয় কুমার পান্ডে। সেই অভিযুক্ত এএসআইকে নৈহাটি থানার পুলিশ ব্যারাকপুর থেকে গ্রেপ্তার করে বলে সূত্রের খবর।

আজ ওই অভিযুক্ত এএসআই নির্ভয় কুমার পান্ডেকে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে ৪ দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন।
এই ধরনের অপরাধ মূলক কাজে আর কেউ জড়িত কি না বা আর কোনো পুলিশ কর্তা যুক্ত কি না তা জানার জন্য পুলিশ ধৃত এএসআই’কে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *