ঝাড়গ্রামে ৬নং জাতীয় সড়কে দিনে দুপুরে চলল গুলি, বাইক নিয়ে চম্পট দুষ্কৃতীরা

অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৩ এপ্রিল: ৬ নং জাতীয় সড়কে দিনে দুপুরে চলল গুলি। এক বাইক আরোহীকে ঘায়েল করে তার বাইক ও মোবাইল ফোন নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ৬ নম্বর জাতীয় সড়কের উপরে চন্দ্রী এলাকায়। এদিন প্রকাশ্য রাস্তায় ২ জন বাইক আরোহী এসে সুদীপ মহাপাত্র নামে ওই যুবককে গুলি করে তার বাইক ও মোবাইল নিয়ে পালিয়ে যায়। হামলাকারীদের মুখ গামছায় ঢাকা ছিল। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা প্রথমে সুদীপকে নিকটবর্তী মোহনপুর হাসপাতালে নিয়ে যান তারপরে তার অবস্থার অবনতি ঘটায় তাকে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান।

জানাগেছে, এক রেশন দোকানে কাজ করেন সুদীপবাবু। চন্দ্রী থেকে তিনি আসছিলেন ঝাড়গ্রামের দিকে। এদিকে ওই গুলি চালনার ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। এমনিতেই কয়েকদিন ধরে জঙ্গলমহলের বিভিন্ন এলাকায় মাওবাদী পোস্টার পাওয়া যাচ্ছিল। ফলে এবার গুলি চালানোর খবর আসায় আতঙ্ক ছড়ালো সাধারণ মানুষের মধ্যে। জাতীয় সড়কে গুলি চালনার ঘটনায় মাওবাদী যোগ রয়েছে কি না তা নিয়ে প্রশ্ন ঘুরেছে সাধারণ মানুষের মনে। কারণ চুরির ঘটনা হলে বাইক নিয়ে পালানোর সম্ভাবনা বেশ কম। দুই বাইক আরোহী এসে ওই যুবককে পেছন থেকে গুলি করে। পরে তার বাইক ও ফোন নিয়ে পালায়। এভাবে সাধারণত চুরির ঘটনা ঘটে না। একজন রেশন দোকানের কর্মীকে কেন গুলি করবে দুষ্কৃতীরা? তাহলে কি বাইক ছিনতাই একমাত্র উদ্দেশ্যে ছিল? ঘটনাস্থল থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে ঝড়খণ্ড সীমান্ত। প্রশাসন মুখে কিছু না বললেও ওই ঘটনার পেছনে মাওবাদীদের কোনও ভূমিকা রয়েছে কি না তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। তবে এ নিয়ে কিছু বলতে নারাজ পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *