“গাইঘাটার বিজেপি নেতা খুনের ঘটনা ধামা চাপা দিয়ে পুলিশ দলদাসের কাজ করছে”, বললেন বিধায়ক স্বপন মজুমদার

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৯ সেপ্টেম্বর: বিজেপি নেতার খুনের ঘটনা ধামা চাপা দিচ্ছে পুলিশ। তারা দলদাসের কাজ করছে। বিজেপি নেতা অরুণ সরকারের স্মরণ সভায় এসে এমনই বললেন বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। বৃহস্পতিবার ন’হাটা বাজারে বিজেপি নেতা অরুণ সরকারে স্মরণসভায় উপস্থিত ছিলেন বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার, হরিণঘাটা কেন্দ্রের বিজেপি বিধায়ক অসীম সরকার সহ বনগাঁ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল ও দলের কর্মী সমর্থকরা।

অরুণ বাবু গোপালনগর থানার দিঘাড়ী গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিলেন। গোপালনগর কাকডাঙ্গার বাসিন্দা তিনি। ৩১ আগস্ট চৌবেড়িয়া ২ পঞ্চায়েতে বিজেপি প্রধানের বিরুদ্ধে অনাস্থা ভোটাভুটি ছিল। হাইকোর্টের নির্দেশে ভোটাভুটি বন্ধ হয়। এরপর অরুণবাবু তার ন’হাটার বাড়ি ফিরছিলেন। অভিযোগ, তৃণমূলের কয়েক জন দুষ্কৃতী তখন তাকে একা পেয়ে বেধড়ক মারধর করে বলে। তাকে পাল্লা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় বিজেপি কর্মীরা। সেই থেকে অরুণবাবু অসুস্থ ছিলেন। শুক্রবার তাঁর অবস্থার অবনতি হলে তাকে কলকাতার আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শনিবার ভোরে তাঁর মৃত্যু হয়। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য বনগাঁ মহাকুমা হাসপাতালে পাঠায়। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের মারধরের জেরে তার মৃত্যু হয়েছে বলে দাবি করে বিজেপি।

এদিনের স্মরণ সভামঞ্চ থেকে স্বপন মজুমদার বলেন, অরুণবাবু খুনের ঘটনায় নিরপেক্ষ তদন্ত করছে না পুলিশ। জেলার এসপিকে জানানো হয়েছে। কোনও রকম তদন্ত করছে না। যে লোকটা মার খেয়েছিল সে মৃত্যুর আগে থানায় লিখিত অভিযোগ করেছিল দুষ্কৃতীদের বিরুদ্ধে। দুষ্কৃতীদের আড়াল করছে পুলিশ। দলদাস হয়ে কাজ করছে পুলিশ। আমরা এর প্রতিবাদ করব। বৃহত্তর আন্দোলনে নামব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *