রাজেন রায়, কলকাতা, ৯ সেপ্টেম্বর: ভবানীপুর উপ নির্বাচনের আগে কোনও রকম ঝুঁকি নিতে চান না তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সারদা মামলায় ইতিমধ্যেই ৭ বছরেরও বেশি সময় ধরে জেলখাটা হয়ে গিয়েছে তার। দিন দশেক আগেই সারদা মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করেছিল ইডি। সেখানে নাম ছিল তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। মামলায় নিজে থেকে আদালতে গিয়ে আগেভাগে আত্মসমর্পণ করে জামিন পেলেন তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ। ব্যক্তিগত ২০ হাজার টাকার বন্ডে সিবিআই-এর বিশেষ আদালতে আজ তাঁর জামিন মঞ্জুর হয়।
সারদা নিয়ে ২ সপ্তাহ আগেই সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয় ইডি। সেখানে নাম ছিল কুণাল ঘোষের পাশাপাশি আরেক সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়ের। কুণালের বিরুদ্ধে অভিযোগ ওঠে, একটি সংবাদ মাধ্যমের দায়িত্বে থাকাকালীন তিনি টাকা নয়ছয় করেছেন। এই মামলাতেই ২০ সেপ্টেম্বর কোর্টে আসার জন্য সমন পাঠানো হয়। কিন্তু বৃহস্পতিবারই তিনি সিবিআই-এর স্পেশাল কোর্টে এসে আত্মসমর্পণ করেন।
আদালতে জমা দেওয়া চার্জশিটে ইডি কুণাল ঘোষকে ফের একবার ‘প্রভাবশালী’ তকমা দেয়। কেন্দ্রীয় আর্থিক তছরুপ তদন্তকারী সংস্থা চার্জশিটে জানায়, এটি জনসাধারণের টাকা। তাই কুণালরা বাইরে থাকলে সমস্যা হতে পারে। কুণালের জামিনেরও বিরোধিতা করে ইডি। পাল্টা হাইকোর্টের নির্দেশে কুণালের আইনজীবী উল্লেখ করেন, তিনি পরিচিত মুখ। কোথায় পালবেন? যেহেতু কুণাল নিজে এসে সহযোগিতা করেছেন, তাই এ দিন তাঁর জামিন মঞ্জুর করে আদালত। ইডির চার্জশিটে কুণাল ঘোষের ‘স্ট্র্যাটেজি মিডিয়া’ সংস্থার নাম রয়েছে বলে খবর। একই ভাবে সুমন চট্টোপাধ্যায়ের ২ টি সংস্থার নামও সেখানে উল্লেখ করা হয়। চিটফান্ড মামলার জল এখন কোনদিকে গড়ায় সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে।

