ভোট-পরবর্তী হিংসার ঘটনায় ২০ জন তৃণমূল কো-অর্ডিনেটরের বিরুদ্ধে মামলার আবেদন হাইকোর্টে

রাজেন রায়, কলকাতা, ৯ সেপ্টেম্বর: ভোট পরবর্তী হিংসা নিয়ে এবার কলকাতায় ২০ জন তৃণমূল কো-অর্ডিনেটরের বিরুদ্ধে মামলা করতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন এক আইনজীবী। বৃহস্পতিবার ভোট পরবর্তী অশান্তির ঘটনায় আচমকাই নতুন মোড় এল। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের এজলাসে নতুন করে মামলা দায়ের করার অনুমতি চেয়ে আবেদন জমা পড়েছে। ২০ জন ব্যক্তিই ভোট পরবর্তী ঘটনাপ্রবাহে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন বলে দাবি করা হয়েছে আইনজীবীর এই আবেদনে। এই মামলাটিকে মূল মামলার সঙ্গে যুক্ত করারও আবেদন জানানো হয়েছে।

জাতীয় মানবাধিকার কমিশন আদালতে রিপোর্ট জমা দিলেও কিছু অন্য ধরনের দাবি এই নতুন আবেদনে করা হয়েছে। অভিযোগকারী আইনজীবীর বক্তব্য, সময়ের অভাবের কারণে অনেক অভিযোগই শুনতে পারেনি জাতীয় মানবাধিকার কমিশনের বিশেষ দল। আদালতের নির্দেশের পর এখনও পর্যন্ত সব অভিযোগ নিচ্ছে না স্থানীয় পুলিশ। এমনকি, ধর্ষণের অভিযোগকে পুলিশ শ্লীলতাহানি বলেও প্রমাণ করতে চাইছে বলে দাবি করা হয়েছে। বিশেষত, কলকাতার পরিস্থিতি ভয়ঙ্কর বলে অভিযোগ করা হয়েছে নতুন আবেদনে। দাবি জানানো হয়েছে, প্রত্যেকটি শ্লীলতাহানির মামলার তদন্ত যেন সিবিআইকে দিয়ে করানো হয়। অবিলম্বে এফআইআর যাতে করা হয়, সেই দাবিও জানিয়েছেন আবেদনকারী। এই নতুন আবেদনে ভোট পরবর্তী হিংসার মামলা অন্যদিকে মোড় নিতে পারে বলে মনে করা হচ্ছে।

ভোট পরবর্তী হিংসা মামলায় হাইকোর্টের নির্দেশে এখনও পর্যন্ত দুভাবে তদন্ত চলছে। প্রথমত, খুন ও ধর্ষণের ঘটনাগুলির তদন্ত করছে সিবিআই। বাকি ঘটনাগুলির জন্য রাজ্য পুলিশের একটি সিট গঠন করা হয়েছে। এই দুই দল মিলেই আপাতত তদন্ত করছে। ইতিমধ্যেই
৩০টির বেশি এফআইআর রুজু করেছে সিবিআই। গ্রেফতার করা হয়েছে একাধিক ব্যক্তিকে। এই অবস্থায় নতুন আবেদনের পর আদালতের সিদ্ধান্তে কোনও পরিবর্তন আসে কি না সেটাই দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *