স্বরূপ দত্ত, আমাদের ভারত, ১৮ এপ্রিল: ধর্ষণ কাণ্ডে যারা জড়িত তারা প্রত্যেকেই তৃণমূলের সঙ্গে যুক্ত। এদের একটাই পরিচয় এরা অপরাধী। আর এই অপরাধীদের আড়াল করছেন খোদ মুখ্যমন্ত্রী। রায়গঞ্জের
ডিওয়াইএফআই’য়ের সভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বক্তব্য রাখেন ডিওয়াইএফআই’য়ের রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি। তিনি আরও বলেন, রাজ্যের পুলিশ বর্তমানে শুধুই ম্যারাথন করছে ও ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপনের কাজ করছে। শুধু তাই নয় মুখ্যমন্ত্রীর প্রসঙ্গে তিনি আরো বলেন, মুখ্যমন্ত্রী মানুষ হিসেবে কেমন তা তার জানা নেই। তবে তিনি যা বক্তব্য রাখেন তাতে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তাকে মানুষের সংগা থেকে নিচে নামিয়ে দিচ্ছে।
উল্লেখ্য, সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআই’য়ের আসন্ন সর্বভারতীয় সম্মেলনকে সামনে রেখে সোমবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে অনুষ্ঠিত হল সংগঠনের উত্তর দিনাজপুর জেলার প্রাক্তনী ও বর্তমানদের নিয়ে সভা। এদিনের সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন সিপিএমের বর্তমান জেলা সম্পাদক আনোয়ারুল হোসেন, দলের প্রাক্তন জেলা সম্পাদক অপূর্ব পাল, সিপিএম নেতা উত্তম পাল, যুব সংগঠনের জেলা সম্পাদক ইন্দ্রজিত বর্মন সহ অন্যান্যরা।
রায়গঞ্জ শহরের ছন্দম মঞ্চে অনুষ্ঠিত হয় এই সভা। সভায় বক্তব্য রাখতে গিয়ে বার বার সংগঠনের নেতা ও নীচু স্তরের কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে লড়াইয়ের ময়দানে নামার বিশেষ বার্তা দেন মীনাক্ষী মুখার্জি। তিনি জানান, প্রতি মুহূর্তে প্রাক্তনীরা বর্তমানদের নতুন করে শিক্ষা দেন। বক্তব্যে আবেগের স্থান দিয়ে সংগঠনকে আরও মজবুত করার বার্তা দেন ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদিকা।

