অভিন্ন ঐতিহ্য! “ভারতে রাম মন্দির নির্মাণে খুশি হয়েছেন নেপালের বাসিন্দারাও”, বললেন মোদী

আমাদের ভারত, ১৬ মে: প্রতিবেশী দেশ নেপাল সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর বুদ্ধ পূর্ণিমার দিন মোদীর নেপাল সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। নেপালে গিয়ে মোদী বলেছেন ভারত ও নেপালের মধ্যে যেমন অভিন্ন ঐতিহ্য রয়েছে, তেমনি মূল্যবোধেও সাদৃশ্য রয়েছে। তাইতো ভারতে রামমন্দির নির্মাণ হওয়ায় খুশি হয়েছেন নেপালবাসীরাও।

ভারত ও নেপালের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বরাবরই মজবুত। কিন্তু ২০২০-তে গালওয়ানে চিনা সেনার সঙ্গে সংঘাতের পর সেই সম্পর্ক খানিকটা নড়বড়ে হয়েছিল। তা আবারও মজবুত করতে দেখা গেল দুদেশের প্রধানদেরকেই। এদিনের নেপাল সফরে বেশকিছু কর্মসূচিতে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী। গৌতম বুদ্ধের জন্মস্থান ঘুরে দেখার পাশাপাশি মায়া দেবী মন্দিরে পুজো দেন তিনি। নেপালের প্রধানমন্ত্রী শেখ বাহাদুর দেওবার সঙ্গে একান্তে বৈঠক হয় প্রধানমন্ত্রীর।

নেপালে তাৎপর্যপূর্ণ বার্তা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আন্তর্জাতিক পরিস্থিতিতে ভারত নেপালের শক্তিশালী সম্পর্ক থেকে মানবিকতায় উপকৃত হবে। ভারত-নেপালের সম্পর্ক হিমালয়ের মতো অটুট। গৌতম বুদ্ধের আদর্শ মেনে আন্তর্জাতিক সমস্যা সমাধানে ভারত-নেপাল একসাথে কাজ করবে। তিনি বলেন, “মায়া দেবী মন্দিরে পুজো দিয়ে আমি যা অনুভব করেছি তা জীবনে কোনোদিনও ভুলবো না। লুম্বিনীতে আসতে পেরে আমি আনন্দিত। প্রধানমন্ত্রী বলেন, ভারত-নেপালের মধ্যে অভিন্ন ঐতিহ্য ও মূল্যবোধে অনেক সাদৃশ্য রয়েছে। ভারতে রাম মন্দির তৈরি হওয়ায় ভারতীয়দের মত নেপালের বাসিন্দারাও খুশি হয়েছেন।

সোমবার একদিনের নেপাল সফরে গিয়ে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে নেপালের পবিত্র মায়া দেবী মন্দিরে পুজো দেন প্রধানমন্ত্রী। তার সঙ্গে ছিলেন নেপালের প্রধানমন্ত্রী শেখ বাহাদুর দেওবা। এখানে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন। এই মন্দিরে পুজো দিয়ে এই মোদী নেপাল সফরের সূচনা করেন। লুম্বিনীতে তাকে স্বাগত জানানোর জন্য নেপালের প্রধানমন্ত্রী দেওবাকে ধন্যবাদ জানিয়ে টুইট করেছেন মোদী। মায়া দেবীর মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি মন্দির সংলগ্ন অশোকা পিলারের সামনে প্রদীপ জ্বালান মোদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *