আদালতের নির্দেশ মেনে জ্ঞানবাপী মসজিদ চত্বরে মোতায়েন হল সিআরপিএফ

আমাদের ভারত, ১৬ মে: আদালতের নির্দেশের পরেই বারানসির জ্ঞানবাপী মসজিদ চত্বরে সিআরপিএফ মোতায়েন করা হল। ভূগর্ভস্থ ঘর, অজুখানা এবং আশপাশের এলাকা সিল করে দিল উত্তরপ্রদেশ প্রশাসন।

শনিবার থেকে মসজিদের অন্দরের দুটি গম্বুজ, ভূ-গর্ভস্থ অংশ সহ সব জায়গায় পুঙ্খানুপুঙ্খভাবে ভিডিওগ্রাফি সমীক্ষা করা হয়। সোমবার বারানসি আদালতে তার রিপোর্ট পেশ করা হয়। তারপরেই কয়েকটি এলাকা সিল করে সিআরপিএফ মোতায়েনের নির্দেশ দেয় আদালত।

বারানসির জেলা শাসক পুলিশ কমিশনারের পাশাপাশি সিআরপিএফের একজন কমান্ডার পর্যায়ের আধিকারিককে নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেয় নগর দায়রা আদালতের বিচারক রবিকুমার দিবাকার।

আবেদনকারী হিন্দুত্ববাদী পক্ষের আইনজীবী হরিশংকর বলেন, অজুখানার পুকুরে শিবলিঙ্গের অস্তিত্ব মেলার কারণে আদালত এই পদক্ষেপ করেছে। আবেদনকারী পক্ষের আরেক আইনজীবী মদনমোহন যাদবের দাবি, মসজিদের পশ্চিম দেওয়ালের অদূরে অবস্থিত নন্দীর মূর্তির মুখ রয়েছে শিবলিঙ্গের দিকে।

প্রসঙ্গত উল্লেখ্য, হিন্দুত্ববাদীরা অনেক দিন ধরেই দাবি করে আসছেন জ্ঞানবাপী মসজিদ যে জমিতে গড়ে উঠেছে তা আসলে হিন্দুদের। সুতরাং সেই জমি হিন্দুদের ফিরিয়ে দেওয়া হোক। মুঘল সম্রাট ঔরঙ্গজেব ২ হাজার বছরের পুরনো কাশী বিশ্বনাথ মন্দিরের একাংশ ধ্বংস করে মসজিদ গড়ে তোলেন বলে দাবি করা হয়। আর সেই কারণেই প্রত্নতাত্ত্বিক সমীক্ষার দাবি জানানো হয় আদালতে।

অন্যদিকে জ্ঞানবাপী মসজিদ চত্বরে দেবদেবীর মূর্তি আছে দাবি করে সেগুলি পুজো করার অনুমতি চেয়ে ২০২১-এ আদালতে একটি লিখিত আবেদন করেন পাঁচ মহিলা। তার প্রেক্ষিতে গত বৃহস্পতিবার বারানসি জেলা আদালতে জ্ঞানবাপী মসজিদের প্রত্নতাত্ত্বিক সমীক্ষা করার নির্দেশ দেয় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করা হলেও তা খারিজ হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *