আশিস মণ্ডল, রামপুরহাট, ২০ এপ্রিল : নেশার টাকা না পেয়ে বাড়ির মধ্যে গলায় দড়ির ফাঁস দিয়ে আত্মহত্যা করল এক কিশোর। মৃত কিশোরের নাম দীপ মাল (১৬)। বাড়ি রামপুরহাট পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের লেট পাড়ায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বাড়ির একমাত্র ছেলে দীপ। বাবা তরুণ মাল রাজমিস্ত্রির কাজ করেন। কিন্তু অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরে কাজে যেতে পারেন না। ফলে মা সবিতা মালের পরিচারিকার আয়েই সংসার চলে খুঁড়িয়ে খুঁড়িয়ে। এদিকে দীপ নিয়মিত ড্রাগের নেশা করত। মাঝে মধ্যেই দু-চারশো টাকা বায়না করত। মঙ্গলবার সন্ধ্যায় দিতে না পারায় সে বাড়ির মধ্যেই গলায় দড়ির ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
মা সবিতা মাল বলেন, “ছেলে নিয়মিত সাদা পাউডারের নেশা করত। মাঝে মধ্যেই টাকা চাইতো। মঙ্গলবার দিতে না পারায় আমাদের নজর এড়িয়ে সে আত্মহত্যা করে।” প্রশাসনের কাছে সবিতাদেবীর আবেদন, বন্ধ করুন ড্রাগের নেশা। না হলে বহু জীবন এভাবেই ঝড়ে যাবে অকালে।

