দলবদলের জট নিয়ে সুজন চক্রবর্তীর তোপ

আমাদের ভারত, কলকাতা, ২০ এপ্রিল: মুকুল রায়ই কি বিধানসভায় পাবলিক অ্যাকাউন্স কমিটির চেয়ারম্যান থাকবেন?সেই প্রশ্নের জট কাটছে না। বুধবার এ নিয়ে টুইটারে মন্তব্য করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।

সুজনবাবু লিখেছেন, “কোর্টের গুঁতো খেয়ে সম্বিত ফিরবে কি শেষে? তৃণমূলের মুকুল রায় বিজেপির এমএলএ জিতে দল বদলে আবার তৃণমূল- এটা সবাই জানে। শুধু জানেন না স্পিকার!

মালদহ-র দিপালী বিশ্বাস দল বদলে তৃণমূল, পাঁচ বছরেও স্পিকার তা বোঝেননি! এহেন বাহিনীর হাতে পড়ে সাংবিধানিক পদগুলোরই দফারফা হচ্ছে শেষমেশ।“

প্রসঙ্গত, মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ মামলা নিয়ে ফের শুনানি হবে। এমনই জানিয়েছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটের ফল প্রকাশের পর ‘ঘর ওয়াপসি’।  বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেছেন মুকুল রায়। সঙ্গে পুত্র শুভ্রাংশুও। ‘ঘরের ছেলে মুকুল’-কে তৃণমূলে স্বাগত জানিয়েছেন খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে কৃষ্ণনগর উত্তরের বিধায়ককে কি পিএসি-র চেয়ারম্যান নিয়োগ করা হল? হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন বিজেপি বিধায়ক অম্বিকা রায়।

স্পিকার জানিয়েছেন, ‘‘কোর্ট একটা রিমাইন্ডার পাঠিয়েছে। আমি দেখব। আইনত দেখব, কতটুকু গ্রহণ করা যাবে। দু’পক্ষকে ডেকে হিয়ারিং করব।’’ হাইকোর্টে মামলার শুনানি শেষ হয়েছে ৩০ মার্চ। সওয়াল করলেন সংশ্লিষ্ট সবপক্ষই। আপাতত রায়দান স্থগিত রাখল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *