BJP, Brigade, ৪০০০ পুলিশের নিরাপত্তা বলয়ে ব্রিগেডে হবে বিজেপির নয়া সরকারের শপথ গ্রহণ, আকাশ থেকে চলবে শহরে নজরদারি

আমাদের ভারত, ৬ মে: শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে বিজেপির অন্দরে সাজো সাজো রব। আর পুলিশ ব্যস্ত নিরাপত্তা আঁটোসাঁটো করতে। ৯ মে ২৫শে বৈশাখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে রাজ্যের নয়া মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা।

পশ্চিমবঙ্গের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভিভিআইপির উপস্থিতির কথা মাথায় রেখেই শনিবার নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হচ্ছে কলকাতাকে। প্রায় চার হাজার পুলিশ কর্মী থাকবে নিরাপত্তার দায়িত্বে।

শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে বিজেপির অন্দরে সাজো সাজো রব উঠেছে। অন্যদিকে কলকাতা পুলিশ ঢেলে সাজাচ্ছে শহরের নিরাপত্তা ব্যবস্থা। ব্রিগেড এবং তার সংলগ্ন ময়দান এলাকার নিরাপত্তায় জোর দেওয়া হচ্ছে। নিরাপত্তার দায়িত্বে থাকবেন পুলিশ কমিশনার অজয় নন্দা। এছাড়াও কলকাতা পুলিশের অতিরিক্ত সিপি, যুগ্ম সিপি এবং ডিসিরা’ও থাকবেন।

পুরো এলাকা কয়েকটি ভাগে ভাগ করে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে কলকাতা পুলিশের তরফে, বলে খবর। প্রতিটি সেক্টর বা ভাগের দায়িত্বে থাকবেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ অধিকারিক। মোদীর ও সকলের নজরদারিতে কোনো ড্রোন ব্যবহার করা হবে না। ব্রিগেড এলাকা নো ফ্লাই জোন হওয়ায় নজরদারিতে ড্রোন ব্যবহার করবে না কলকাতা পুলিশ। তবে এলাকার বিভিন্ন বহুতল থেকে নজরদারি চালানো হবে। ব্রিগেড এলাকায় ড্রোনে নজরদারি চালানো না হলেও শহরের অন্যান্য প্রান্তে নজরদারি চালানো হবে আকাশ থেকে। পুলিশ ছাড়াও ব্রিগেড ও শহরের একাধিক এলাকায় নিরাপত্তার দায়িত্বে থাকছে কেন্দ্রীয় বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *