ব্যারাকপুর বিএন বোস হাসপাতালে বেডের সংখ্যা বাড়ানো হল করোনা রোগীদের জন্যে

আমাদের ভারত, ব্যারাকপুর, ৪ জানুয়ারি: রাজ্য তথা উত্তর ২৪ পরগনাতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা।
আর ব্যারাকপুর শিল্পাঞ্চলে করোনা আক্রান্তের সংখ্যা জেলা প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। করোনা পরিস্থিতিতে করোনা আক্রান্ত রোগীদের সুচিকিৎসার জন্য এখন থেকে ব্যারাকপুরের বিএন বোস মহাকুমা হাসপাতালে ৬০ টি বেডের ব্যবস্থা করা হল।

রাজ্য জুড়ে কোভিডের লাগাম ছাড়া বৃদ্ধির ফলে রাজ্য সরকার ফের কিছু কড়া পদক্ষেপ নিয়েছে।সেইসঙ্গে যে সমস্ত অঞ্চলে করোনা আক্রান্তের সংখ্যা বেশি সেগুলিতে আবার কন্টেনমেন্ট জোন ও মাইক্রো কন্টেনমেন্ট জোন হিসেবে ভাগ করা শুরু করা হয়েছে। গত বছরের মত এই বছরও ব্যারাকপুর শিল্পাঞ্চলে ক্রমশ বাড়ছে করোনা।
ইতিমধ্যেই ব্যারাকপুর পৌরসভার অন্তর্গত ১৭ টি জায়গা কনটেইনমেন্ট জোন ও মাইক্রো কনটেইনমেন্ট জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে। পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে সংক্রমিতের সংখ্যা বেশি। যেখানে পৌরসভার পক্ষ থেকে কিছু নিয়ম লাগু করা হয়েছে। এই সমস্ত জায়গায় কঠোর বিধি নিষেধ জারি করা হয়েছে যাতে ওই আবাসিকরা বাড়ি থেকে না বের হন। সেই সঙ্গে চালু করা হয়েছে ফোন নম্বর, যাতে তাদের কোনও প্রয়োজন হলে পৌর সভার কর্মীরা এগিয়ে আসবেন তাদের সাহায্যে।

ব্যারাকপুর পুরসভার মুখ্য প্রশাসক উত্তম দাস জানান, “আক্রান্তদের মধ্যে ৬ জন এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। বাকিদের মধ্যে বেশিরভাগই উপসর্গহীন। পুরসভার তরফ থেকে প্রত্যেকটি জায়গা চিহ্নিত করা হয়েছে। তাদের আশ্বস্ত করা হয়েছে যে, তারা যে কোনো সমস্যায় পৌরসভার সাহায্য পাবেন। পুরসভার তরফে একটি ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে সহযোগিতা করার জন্য। পুরসভার তরফে সেফ হোম তৈরি আছে। এখনো পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে।” তবে আগামী দিনে ব্যারাকপুরে করোনা আরও বাড়লে ব্যারাকপুর টেকনো গ্লোবাল হাসপাতালকে ফের করোনা চিকিৎসার জন্য নেওয়া হবে বলেও জানান উত্তমবাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *