পুরুলিয়ায় এইডস আক্রান্তের সংখ্যা কমেনি, উদ্বেগ নিয়েই সচেতনতার প্রচার

সাথী দাস, পুরুলিয়া, ১ ডিসেম্বর: এইডস আক্রান্তের সংখ্যা কমেনি পুরুলিয়া জেলায়। অথচ নিষিদ্ধ পল্লী বা বিশেষ এলাকা চিহ্নিত হয়নি। আর এতেই উদ্বেগ বাড়িয়ে তুলছে জেলা স্বাস্থ্য দফতরের। এই পরিস্থিতিতে এইচ আই ভি রোগ যাতে না ছড়ায় তার জন্য তৎপর হল জেলা স্বাস্থ্য দফতর। আজ এই বিষয়ে সচেতনতা বাড়াতে দুই সপ্তাহ ব্যাপী বিশেষ অভিযান শুরু করল এই দফতরের অধীনস্থ  এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা। 

এইডস সংক্রমণ রুখতে ঝুমুর, বাউল গান ও ছৌ নৃত্যের মাধ্যমে সচেতনতার প্রচার ১৪ ডিসেম্বর পর্যন্ত পুরুলিয়া জেলা জুড়ে প্রচার চলবে বলে জানান সংস্থার প্রোগ্রাম ম্যানেজার দেবযানী খাঁ। এছাড়া জেলায় ১২ টি শিবির অনুষ্ঠিত হবে। যেখানে বহিরাগত এবং পরিযায়ী শ্রমিকদের রক্ত ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

আজ জন সচেতনতার উদ্দেশ্যে বেলুন গুচ্ছ উড়িয়ে ও  দুটি ট্যাবলোর যাত্রা সূচনা হয় পুরুলিয়া শহরের রাঁচি রোডে অবস্থিত জেলা মূখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতর চত্বর থেকে। সেখানেই ঝুমুর গান আর ছৌ নাচের মাধ্যমে প্রচার ও সচেতন বাড়ানোর বার্তা দেন শিল্পী ও কলাকুশলীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *