খেজুরি বোমা বিস্ফোরণের তদন্তে এনআইএ

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১ ফেব্রুয়ারি: 
খেজুরিতে বোমা বিস্ফোরণে দুই তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনার তদন্তভার নিল এনআইএ। মঙ্গলবার ওই তদন্তকারী সংস্থার একটি প্রতিনিধিদল খেজুরিতে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করে। এদিন তারা খেজুরি থানায় যাওয়ার পাশাপাশি বেশ কিছুক্ষণ বিস্ফোরণস্থল ঘুরে দেখেন।

উল্লেখ্য, নির্বাচনের পর থেকেই উত্তপ্ত রয়েছে  খেজুরি বিধানসভা এলাকা। এরই মাঝে গত ৩ জানুয়ারি রাতে খেজুরির পশ্চিম ভাঙ্গনবাড়ি এলাকা বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে। বিস্ফোরণের ফলে গুরুতরভাবে জখম হন কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক। মৃত্যু হয় তৃণমূল কর্মী অনুপ দাস(৩০) ও কঙ্কণ করনের(৩৫)। বোমা বিস্ফোরণে দুই তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক চাপানউতোর শুরু হয়। বিজেপির তরফ থেকে তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলে এলাকায় অশান্তি ছড়াতে বোম তৈরির অভিযোগ করা হয়েছে। এই ঘটনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এনআইএ তদন্তের দাবি তুলেছিলেন।

এর বেশ কিছুদিন পর বোমা বিস্ফোরণের ঘটনায় তদন্তের জন্য এনআইএর ওপর দায়িত্ব দেওয়া হয়। সেইমতো মঙ্গলবার সকালে খেজুরিতে পৌঁছান এনআইএর তিন সদস্যের প্রতিনিধি দল। প্রথমে তারা খেজুরি থানায় বেশ কিছুক্ষণ পুলিশ আধিকারিকদের সাথে কথা বলেন। এরপর বিস্ফোরণস্থল পরিদর্শনে যান। কথা বলেন স্থানীয় মানুষজনের সঙ্গেও। এরই মাঝে শাসকদলের বিরুদ্ধে বোম- বন্দুকের রাজনীতির অভিযোগ তুলছে বিজেপি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *