আমাদের ভারত, ব্যারাকপুর, ১৫ এপ্রিল: ব্যারাকপুর কমিশনারেটের পক্ষ থেকে নতুন বছরে নারীদের সুরক্ষা বাড়াতে গঠিত হল নতুন মহিলা পুলিশ বাহিনী উইনার্স। আর নতুন বছরের প্রথম দিন দক্ষিণেশ্বর মন্দির থেকে শুরু হলো এই মহিলা পুলিশ কর্মীদের নিয়ে তৈরি উইনার্সের পথ চলা।
গোটা বাংলাজুড়ে বেড়ে উঠছে নারী নির্যাতন এবং শিশুদের ওপর অত্যাচারের ঘটনা। এই বিষয় মাথায় রেখেই কলকাতা পুলিশ, শিলিগুড়ি কমিশনারেটের পর এবার ব্যারাকপুর কমিশনারেটেও এক বিশেষ মহিলা পুলিশ বাহিনী গঠন করা হয়েছে, যার নাম উইনার্স বাহিনী। নারী সুরক্ষা আরও মজবুত করতে, ইভটিজিং এবং শ্লীলতাহানি রুখতে কলকাতা পুলিশের উইনার্স বাহিনীর ধাঁচে ব্যারাকপুরে শুরু হল” উইনার্স” বাহিনী। বাংলা নববর্ষের প্রথম দিন দক্ষিণেশ্বর কালী মন্দির থেকে উইনার্স টিমের যাত্রা শুরু হল। ২১ জন সদস্যের এই মহিলা পুলিশ বাহিনী গোটা ব্যারাকপুর শিল্পাঞ্চলে মটরবাইকে করে ঘুরে বেড়াবে, এবং মহিলাদের সঙ্গে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটলে সাথে সাথে তারা কড়া ব্যবস্থা নেবে এবং স্থানীয় থানাকে সমস্ত বিষয় জানাবে। মূলত এই বাহিনী মোটর বাইকে করে ঘুরবে ব্যারাকপুর মহকুমা বিভিন্ন এলাকায় এদের পরনে কালো শার্ট ও প্যান্ট থাকবে আর মাথায় থাকবে হেলমেট। এই দলটি বিভিন্ন উৎসব বা কোন বিশেষ ভিড় ভার এলাকায় বিশেষ নজরদারি চালাবে। যাতে কোন ভাবেই মহিলাদের নিরাপত্তা অভাব না হয়।

ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে মনে করা হচ্ছে, “উইনার্স” টিমের আজ থেকে যে পথ চলা শুরু হল তার ফলে ব্যারাকপুর শিল্পাঞ্চলে নারী নির্যাতনের ঘটনার সংখ্যা কমবে,সুরক্ষিত থাকবে শিল্পাঞ্চলের নারী এবং শিশুরা। পুলিশের এই বিশেষ মহিলা দলটি সম্পর্কে পুলিশ কমিশনার মনোজ ভার্মা বলেন, “আমাদের ব্যারাকপুর শিল্পাঞ্চলে মহিলাদের নিরাপত্তা বাড়াতে তাদের কে আরো বেশি সাহসী করতে আমরা মহিলা পুলিশ কর্মীদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ দিয়ে এই বিশেষ বাহিনী গঠন করেছি। এরা সারাবছর ঘুরে ঘুরে মহিলাদের নিরাপত্তা দিকে নজর রাখবে সেই সঙ্গে যে কোনো উৎসব, পুজোতে এরা মহিলাদের সুরক্ষিত রাখার বিষয়ে ধ্যান দেবে। আমাদের আসা এতে আমাদের ব্যারাকপুরের মহিলারা অনেক বেশি নিরাপদ বোধ করবেন।” এদিন দক্ষিণেশ্বরে এই বাহিনীকে দেখা গেলো অত্যন্ত কড়া ভাবে নিজেদের কাজ করতে, ভিড় সামাল দিতে।

