কেন্দ্রের নয়া যোজনায় প্রতি জেলায় হবে মেডিকেল কলেজ, তৈরি হবে রেকর্ড সংখ্যায় চিকিৎসক , দাবি মোদীর

আমাদের ভারত, ১৫ এপ্রিল:কেন্দ্রীয় সরকার দেশের চিকিৎসা পরিষেবায় ব্যাপক পরিবর্তন আনতে চলেছে। শুক্রবার এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি দাবি করেছেন আগামী ১০ বছরে দেশে রেকর্ড সংখ্যায় চিকিৎসক তৈরি হবে, আর সেটা যাতে সম্ভব হয় তার জন্য একগুচ্ছ পরিকল্পনা রয়েছে কেন্দ্রের।

শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে গুজরাটের একটি হাসপাতাল উদ্বোধনের অনুষ্ঠানে নরেন্দ্র মোদী আশ্বাস দিয়েছেন আগামী কয়েক বছরে দেশের চিকিৎসা ব্যবস্থায় বড় পরিবর্তন করা হবে। প্রধানমন্ত্রী জানান, দেশের প্রত্যেক জেলায় মেডিকেল কলেজ তৈরি করার জন্য সরকারি যোজনা আনা হচ্ছে। এই যোজনার মাধ্যমে আগামী ১০ বছরে দেশে রেকর্ড সংখ্যায় চিকিৎসক পাওয়া যাবে।

তিনি আরও বলেন, দেশের প্রত্যেক জেলায় মেডিকেল কলেজ তৈরি লক্ষ্য নিয়ে কাজ শুরু করছে কেন্দ্র। চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশোনা যাতে আরও সহজ হয়, দেশের যুবক-যুবতীরা যাতে অনেক সহজেই পড়ার সুযোগ পেতে পারেন সেটাই অন্যতম লক্ষ্য বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, গুজরাটি যে সুপার স্পেশালিটি হাসপাতাল উদ্বোধন হলো সেখানে কম খরচে চিকিৎসার পরিসেবা পাবেন মানুষ। প্রধানমন্ত্রী বলেন, দু’দশক আগে গুজরাটে কেবল ১১০০ আসনের নয়টি মেডিকেল কলেজ ছিল। কিন্তু এখন ৩৬ টির বেশি মেডিকেল কলেজ রয়েছে। ভুজের ভয়াবহ ভুমিকম্পের কথা তুলে তিনি বলেন ভুজ ও কচ্ছের মানুষ তাদের পরিশ্রমে নতুন ভাগ্য লিখেছে। যেখানে সব ধ্বংস হয়ে গিয়েছিল সেই সব এলাকায় বর্তমানে আধুনিক চিকিৎসা পরিষেবা পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *