CM, BJP, TMC, তৃণমূল সরকারের সময়ের দুর্নীতি ও নারী নির্যাতনের ফাইল খুলছে নতুন মুখ্যমন্ত্রী, অবসরপ্রাপ্ত বিচারপতিদের নেতৃত্বে গঠিত হলো দুটি তদন্ত কমিশন

আমাদের ভারত, ১৮ মে: ক্ষমতায় আসার পর থেকেই ভোটের সময় দেওয়া প্রতিশ্রুতি মতো তৃণমূল সরকারের দুর্নীতি ও নারী নির্যাতনের ফাইল খোলা শুরু করে দিয়েছে বিজেপি সরকার। সোমবার নবান্নের মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকের পর আরো এক বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং নারী নির্যাতনের অভিযোগগুলি খতিয়ে দেখতে দুটি পৃথক হাই- প্রোফাইল তদন্ত কমিশন গঠন করলো রাজ্য সরকার। সোমবার দুপুরে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কলকাতা হাইকোর্টের দুই অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে ‌এই কমিটি কাজ করবে।

এই কমিটিগুলির মধ্যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির তদন্ত কমিশনের দায়িত্বে থাকছেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু। ১ জুন থেকে দুই কমিটি পুরোদমে কাজ করবে। অন্যদিকে নারী নির্যাতনের অভিযোগগুলি খতিয়ে দেখতে যে কমিটি গঠিত হয়েছে তাতে আইপিএস অফিসার দময়ন্তী সেনকে ফিরিয়ে আনা হয়েছে।

আগের সরকারের আমলে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ ধামাচাপা পড়েছিল। শুভেন্দু অধিকারী জানান, সেই তদন্ত প্রক্রিয়াকে দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যাওয়া হবে। কমিশন গঠিত হওয়ার ৩০ দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা নেওয়া হবে। আগের জমানার সমস্ত পুরনো এফ আই আর সংগ্রহ করা হবে নতুন ভারতীয় ন্যায় সংহিতার আওতায় সমস্ত তদন্ত প্রক্রিয়া চলবে।

তদন্তকে স্বচ্ছ ও পিপুল ফ্রেন্ডলি করতে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন মুখ্যমন্ত্রী জানান, দুর্নীতির তথ্য-প্রমাণ জোগাড়ে সাধারণ মানুষেরও সাহায্য নেওয়া হবে। প্রয়োজনে স্থানীয় থানা গুলিতে পাবলিক হিয়ারিং- এর ব্যবস্থা করা হবে। রাজ্য সরকারের কাছে থাকা যাবতীয় প্রয়োজনীয় তথ্য নথি এই কমিটির হাতে তুলে দেবে রাজ্য সরকার। দুই কমিশনের সুপারিশ এবং রেকমেন্ডেশনের ভিত্তিতে রাজ্য পুলিশের তরফ থেকে দোষীদের বিরুদ্ধে নতুন করে এফ আই আর দায়ের করে আইনি পদক্ষেপ করা হবে।

অনেকেই মনে করছেন, নতুন সরকারি মন্ত্রী সভার দ্বিতীয় বৈঠকের পর শুভেন্দু অধিকারীর এই ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এতদিন বিরোধী আসনে বসে যেসব প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ তারা তুলেছিলেন এবার সরকারে এসে তার আইনি ফয়সালা করতে সচেষ্ট হয়ে ইতিমধ্যেই জনমানসে সাড়া ফেলেছেন তারা। এছাড়াও বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বাধীন কমিশন ময়দানে নামলে অস্বস্তি যে বাড়বে তৃণমূল কংগ্রেসের তা আর বলার অপেক্ষা রাখে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *