Ministers, BJP, ৪-৫ দিনের মধ্যেই রাজ্যের নতুন মন্ত্রীদের নাম ঘোষণার সম্ভাবনা, কারা কারা দায়িত্ব পেতে চলেছেন?

আমাদের ভারত, ২৭ মে: প্রায় তিন সপ্তাহ হতে চলল বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করতে শুরু করেছেন শুভেন্দু অধিকারী, কিন্তু এখনো মন্ত্রীসভার সম্প্রসারণ হয়নি। তা নিয়ে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর জল্পনা। এই জল্পনার মধ্যেই রাজ্যের নতুন মন্ত্রীদের তালিকা প্রায় প্রস্তুত বলে খবর। দপ্তর বন্টন নিয়ে ইতিমধ্যে একাধিক দফায় উচ্চ পর্যায়ে আলোচনা হয়েছে বলেও খবর।

উচ্চ পর্যায়ের বৈঠকে মন্ত্রীদের নাম চুড়ান্ত করা হয়েছে বলে জানাগেছে। সব কিছু ঠিক থাকলে আগামী সোম কিংবা মঙ্গলবার মন্ত্রীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা হতে পারে বলে শোনা যাচ্ছে।

সূত্রের খবর, ২৯ মে দিল্লি থেকে গুরুত্বপূর্ণ অনুমোদন বা বার্তা নিয়ে কেন্দ্রের শীর্ষ নেতৃত্বের একাধিক প্রতিনিধি এসে পৌঁছাবেন কলকাতায়। তারপর শনিবার ও রবিবার টানা বৈঠকে বসতে পারেন শীর্ষ নেতৃত্ব। সেখানে শেষ মুহূর্তে সমীকরণ, দপ্তর বন্টন এবং রাজনৈতিক ভারসাম্য নিয়োগ নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এবারে সম্প্রসারণে তরুণ মুখের পাশাপাশি অভিজ্ঞতাকেও গুরুত্ব দেওয়া হতে পারে বলে জল্পনা চলছে। সংগঠন ও প্রশাসনের মধ্যে সমন্বয়ে বাড়াতেও বড় রদবদল করা হতে পারে বলে রাজনৈতিক মহলের ধারণা। উত্তরবঙ্গ, জঙ্গলমহল ও শহরাঞ্চলের প্রতিনিধিত্ব নিয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

অন্যদিকে সবকিছু ঠিক থাকলে আগামী জুন মাসের প্রথম সপ্তাহে নতুন মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে পারে। ফলে রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ এবং ক্ষমতার অন্দরমহলে বড়সড় বার্তা দিতে চলেছে শাসক শিবির।

গত ৯ মে ব্রিগেড ময়দানে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। তার সঙ্গে শপথ নিয়েছেন অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু, অশোক কীর্তনীয়া। কিন্তু পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন সেই সময় করা হয়নি। কথা ছিল কিছুদিন পরে মন্ত্রিসভার সম্প্রসারণ হবে। কিন্তু তিন সপ্তাহ কাটলেও তা এখনো হয়নি। অবশেষে সূত্রের খবর, নতুন মন্ত্রীদের নাম ঘোষণা আগামী সপ্তাহে হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *