বদলে যাচ্ছে ফেসবুকের নাম!

আমাদের ভারত, ২৯ অক্টোবর: করোনাভাইরাসের কারণে বদলে গিয়েছে আমাদের জীবন। এবার কি বদলে যাচ্ছে ফেসবুকের নাম? শুরু হয়েছে জল্পনা। মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য ভার্জ’-এর এক প্রতিবেদনের কথা উল্লেখ করে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, বদলে যাচ্ছে ফেসবুকের নাম।

২৮ অক্টোবর ছিল ফেসবুকের বার্ষিক সম্মেলন। মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই বৈঠকে ফেসবুকের নতুন নামের বিষয় আলোচনা করেন ফেসবুকের চিফ এক্সিকিউটিভ অফিসার তথা প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। তারপরেই এই সিদ্ধান্তে মান্যতা দেওয়া হয়েছে।

কিন্তু হঠাৎ নাম বদলানোর পরিকল্পনা কেন? আসলে ফেসবুক সোশ্যাল মিডিয়া হিসেবে উত্থান হলেও এখন তার কার্যকারিতা অনেক বেড়েছে। ফেসবুকের অধীনে এসেছে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের মতো একাধিক প্ল্যাটফর্ম। তাই সংস্থার নাম শুধু ফেসবুক থাকা বাঞ্ছনীয় নয় বলে মনে করছেন সংস্থার অনেকে। তাছাড়া কয়েক মাস আগে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ জানিয়েছিলেন, ফেসবুক সোশ্যাল মিডিয়ার সংস্থা থেকে একটি মেটাভার্স কোম্পানিতে উন্নীত হোক। 

মেটাভার্স আসলে কী? 

মেটাভার্স হলো ভার্চুয়াল জগৎ, যা বাস্তবতার সঙ্গে ডিজিটাল সংমিশ্রণ। এই সময়ের ব্যবহারকারীরা যার যার চেহারার সঙ্গে মিল রেখে অ্যাভাটার বানাতে পারবেন। আর অ্যাভাটারগুলোকে ব্যবহারকারীরাই নিয়ন্ত্রণ করতে পারবেন। যেমন ব্যবহারকারীরা নিজের ঘরে হাঁটলে, কথা বললে ভার্চুয়াল জগতের অ্যাভাটারও হাঁটবে, কথা বলবে। অর্থাৎ মেটাভার্স হচ্ছে এমন এক অনলাইন জগৎ, যেখানে ভার্চুয়াল দুনিয়ার মধ্যেই গেমিং, অফিসের কাজ এবং যোগাযোগের সবই করা যাবে। এ কাজ করা হবে ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট ব্যবহার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *