স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৯ অক্টোবর: যে নিজের ঘর সামলাতে পারে না সে অন্যের ঘর ঝাঁট দেবে বলে দৌড়ে বেড়াচ্ছে। যে রাজ্য থেকে কাজ না পেয়ে হাজার হাজার শ্রমিককে
ভিনরাজ্যে কাজে যেতে হয় সে রাজ্যের মুখ্যমন্ত্রী গোয়ায় গিয়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন”, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়ার রাজনৈতিক সফর নিয়ে শুক্রবার রায়গঞ্জে এক সাংবাদিক সম্মেলনে এমনই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রায়গঞ্জ ইনস্টিটিউট মঞ্চে বিজেপির এক বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিক সম্মেলনে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, গোয়াতে এক দিনের নূন্যতম মজুরি ৭০০ টাকা। এরাজ্যের মুখ্যমন্ত্রী আগে নিজের রাজ্যে কর্মসংস্থানের ব্যবস্থা করুক তারপর গোয়ায় গিয়ে কথা বলবেন।”
“দিল্লির দাদাগিরি চলবে না”, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, এই রাজ্যের মুখ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো মানেন না। পশ্চিমবঙ্গ কি ভারতের অঙ্গরাজ্য? নাকি বাংলাদেশের? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে বলেছেন, গোয়া রাজ্যে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী ও স্বাস্থ্য সাথীর মতো জনদরদী প্রকল্প চালু করবেন। এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, আগে এরাজ্যের সাধারণ মানুষের উন্নয়ন করুক পরে অন্য রাজ্য নিয়ে ভাববেন। তিনি এও বলেন, বিজেপি এই দেশে কয়েক দশক দেশ পরিচালনা করবে।

