আমাদের ভারত, ২১ মে: পেট্রোল-ডিজেলের দামে যখন রীতিমতো ছ্যাকা লাগছে তখন বড় রকমের আন্তঃ শুল্কে ছাড়ের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আম আদমিকে স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের শুল্কে বিরাট ছাড় ঘোষণা করল মোদী সরকার। এক ধাক্কায় পেট্রোলের শুল্ক কমিয়ে দেওয়া হলো ৮ টাকা আর ডিজেলের শুল্ক কমানো হল ৬ টাকা। যার ফলে পেট্রোলের লিটার প্রতি দাম কমবে ৯ টাকা ৫০ পয়সা, ডিজেলের দাম কমবে লিটারপ্রতি ৭ টাকা। রবিবার থেকে নতুন দাম কার্যকর হবে।
শুধু পেট্রোল ডিজেল নয়, উজ্জ্বলা প্রকল্পে রান্নার গ্যাসের ক্ষেত্রে বড়সড় স্বস্তি দিয়েছে মোদী সরকার। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, উজ্জ্বলা যোজনা আওতায় থাকা রান্নার গ্যাসে ভর্তুকির পরিমাণ বাড়ানো হচ্ছে। এবার থেকে সিলিন্ডার প্রতি ভর্তুকি মিলবে ২০০ টাকা। বছরে ১২টি পর্যন্ত সিলিন্ডারে ভর্তুকি পাওয়া যাবে। উজ্জ্বলা যোজনার আওতায় থাকা নয় কোটি গ্রাহক এর সুবিধা পাবেন।
শনিবার সন্ধ্যায় ধারাবাহিক টুইট করে নির্মালা সীতারমন জানিয়েছেন, এর ফলে কেন্দ্র সরকারের এক লক্ষ কোটি টাকা রাজস্ব ক্ষতি হবে। এরপর নির্মলা আর্জি জানিয়েছেন, রাজ্য সরকার গুলিও যেনো একই রকমভাবে কর কমিয়ে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার চেষ্টা করেন। তার কথায়, “আমি সব রাজ্যকে অনুরোধ করছি বিশেষ করে যে রাজ্যগুলি আগেরবার অর্থাৎ গত নভেম্বর মাসে যারা কর কমাননি তাদের বলছি, আপনারা এই রকম ছাড় দিন। তাতে সাধারণ মানুষের উপকার হবে।”
কয়েকদিন আগে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠকে প্রধানমন্ত্রী পেট্রোল-ডিজেলের দামের প্রসঙ্গ তোলেন। তিনি বলেছিলেন বেশ কয়েকটি রাজ্য কর কমিয়ে মানুষকে সুরাহা দিয়েছে। কিন্তু অনেক রাজ্য তা করেনি। যেমন পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, ঝাড়খন্ড। তার ফলে একে তো ওই রাজ্যগুলোতে মানুষের দুর্ভোগ অব্যাহত রয়েছে, তেমনি পাশাপাশি রাজ্যগুলির মধ্যে বৈষম্যের পরিস্থিতি তৈরি হয়েছে।
গত বছর নভেম্বর মাসের শেষে এক ধাক্কায় অনেকটা শুল্ক কমিয়েছিল কেন্দ্র। সেই সময় একসঙ্গে ভ্যাট কমানোর সিদ্ধান্ত নিয়েছিল বিজেপি শাসিত রাজ্যগুলো। কিন্তু এবার দেখার সেই সব রাজ্যগুলি কি পদক্ষেপ করে।

