অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৭ মে:
জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলার গোপীব্লভপুরের প্রতন্ত গ্রাম কুলিয়ানা থেকে লড়াই শুরু করে আজ তিনি আসীন মন্ত্রিত্বের আসনে। তিনি জঙ্গলমহলের অন্যতম লড়াকু রাজনৈতিক ব্যক্তিত্ব দিলীপ ঘোষ। মন্ত্রী হওয়ার পর এই প্রথম নিজের গ্রামের মাটিতে পা রাখলেন তিনি। আর ঘরের ছেলেকে মন্ত্রী রূপে কাছে পেয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে মাতলেন গ্রামবাসী থেকে শুরু করে তাঁর অগণিত অনুরাগী। তাঁকে স্বাগত জানাতে আয়োজন করা হয়েছিল এক বিশাল বিজয় উৎসবের। এদিন সপরিবারে এক আবেগঘন মুহূর্তে ধরা দিলেন নবনিযুক্ত মন্ত্রী।

নিজের গ্রামে ফিরে প্রথমেই জগন্নাথ মন্দির ও পরে নিজের বাড়ির সামনের শিব মন্দিরে মা ও স্ত্রীকে সঙ্গে নিয়ে পুজো দেন দিলীপ ঘোষ। ঘরের ছেলের এই সাফল্যে গোটা গ্রামজুড়ে যেন উৎসবের আমেজ। ঢাকের আওয়াজ, শঙ্খধ্বনি আর পুষ্পবৃষ্টির মাধ্যমে মন্ত্রীকে বরণ করে নেন স্থানীয় বাসিন্দারা।

তিনি পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, “আমরা তৃণমূলের কোনো পার্টি অফিস দখল করিনি। ওখানে বিভিন্ন ধরনের অবৈধ কাজকর্ম চলছিল। সাধারণ মানুষের ভোটার কার্ড ও অন্যান্য পরিচয়পত্র সংগ্রহ করে রাখা হয়েছিল, সেগুলো উদ্ধার করার জন্যই আমাদের কর্মীরা ওখানে গিয়েছিল।” তৃণমূল নেতাদের নিরাপত্তা প্রত্যাহার প্রসঙ্গে তিনি বলেন, “যারা অন্যায় কাজের সাথে যুক্ত, তোলা তোলে, তাদের আবার কিসের নিরাপত্তা দিতে হবে?”

