সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৭ নভেম্বর: পুলিশের সহায়তায় নিজের পরিবারকে ফিরে পেলেন দক্ষিণ দিনাজপুরের মানসিক ভারসাম্যহীন এক যুবক। ওই যুবককে রাস্তা থেকে নিয়ে ঘরে ফিরিয়েছে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার পুলিশ।
পুলিশ সূত্রের খবর, গত ২৯ তারিখ রাতে মতিগঞ্জ এলাকায় টহল দেবার সময় ওই যুবককে ঘোরাফেরা করতে দেখেন। জিজ্ঞাসাবাদ করে পুলিশ বুঝতে পারেন তিনি মানসিক ভারসাম্যহীন। কথাবার্তায় অসংলগ্নতা থাকায় কারও কথা সে বলতে পারছিল না। তাকে উদ্ধার করে বনগাঁ থানায় রেখে তার বাড়ির খোঁজ চালানো শুরু করে বনগাঁ থানার পুলিশ। খবর দেওয়া হয় হ্যাম রেডিওকে। পুলিশের উদ্যোগে হ্যাম রেডিওর মাধ্যমে প্রায় আট দিন পর তাঁর বাড়ির খোঁজ মেলে হ্যাম রেডিওর দফতরে।

জানা যায়, ওই যুবকের বাড়ি দক্ষিণ দিনাজপুরে। নাম শচীন দেবনাথ (২৯)। এরপরই মানসিক ভারসাম্যহীন ওই যুবকের দক্ষিণ দিনাজপুরের বাড়িতে খবর পাঠানো হয়। খবর পেয়ে রবিবার সকালে থানায় এসে পৌঁছন তাঁকে নিয়ে যাওয়ার জন্য। পরিবারের পক্ষ থেকে মানসিক ভারসাম্যহীন যুবকের ভাই প্রবীর দেবনাথ ও মামা বনগাঁ থানায় এসে পৌঁছায়। নতুন জামা কাপড় পরিয়ে পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয় ওই মানসিক ভারসাম্যহীন যুবক শচীন দেবনাথকে। পুলিশের এই ভূমিকায় খুশি শচীনের ভাই ও মামা।

