সাথী দাস, পুরুলিয়া, ২২ জুন: দাঁড়িয়ে থাকা লরিকে পিছন থেকে সজোরে ধাক্কা মেরে মৃত্যু হল অপর লরির চালকের। পুরুলিয়া- বরাকর রাজ্য সড়কে পাড়া থানার ঝাপড়া গ্রামে ঘটনাটি ঘটে। স্থানীয় ঝাপড়া স্কুলের কাছে রাস্তার ধারে দাঁড়িয়েছিল একটি লরি। একটি দ্রুতগামী লরি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরিকে ধাক্কা মারে। ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় লরির সামনের অংশ। আহত হন ওই লরির চালক।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পাড়া থানার পুলিশ। গুরুতর আহত ওই লরির চালককে নিয়ে যাওয়া হয় পাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক পরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ওই রাস্তায় যান চলাচল বন্ধ থাকে। পাড়া থানার পুলিশের তৎপরতায় স্বাভাবিক হয় যান চলাচল।


