জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২২ জুন: খড়্গপুরে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তৃণমূল নেতা কর্মীদের হাতে মার খেলেন দলের জেলা কমিটির পদস্থ এক তৃণমূল নেতা। সেখানকার তৃণমূল অফিসে বসে মোবাইলে ভিডিও দেখছিলেন জেলা কমিটির সম্পাদক আশীষ সেনগুপ্ত ওরফে বাবলা। সেই সময় তৃণমূলের এক যুবনেতা ও তার সমর্থকরা অফিসে ঢুকে তাকে বন্দুকের বাঁট ও লাঠি দিয়ে ব্যাপক মারধর করে বলে অভিযোগ।

জেলা সম্পাদকের অভিযোগের তির প্রাক্তন বিধায়ক প্রদীপ সরকারের অনুগামীদের বিরুদ্ধে। তিনি অভিযোগ করেন, নির্বাচনে খড়গপুর কেন্দ্রে প্রদীপ সরকার কেন হেরেছেন এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় তার উপরে আচমকা হামলা চালানো হয়। প্রাক্তন বিধায়ক প্রদীপ সরকারের ঘনিষ্ঠ যুবনেতা মানটা ওরফে হায়দার আলী খান এই হামলা চালিয়েছেন বলে দলের জেলা সম্পাদক আশীষ সেনগুপ্ত অভিযোগ করেছেন। যদিও কোনও রকম হামলা চালানো কিংবা মারধর করার অভিযোগ অস্বীকার করেছেন হায়দার আলী খান এবং প্রাক্তন বিধায়ক প্রদীপ সরকার।

