জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২২ জুন: নিম্ন গাঙ্গেয় সমভূমি অঞ্চলে কয়েক দিন ধরে চলা বৃষ্টিপাতের কারণে বন্যার সম্ভাবনা দেখা দিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার বিভিন্ন এলাকায়। মূলত শিলাবতী, রূপনারায়ণ, দ্বারকেশ্বর নদীর কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয়। কয়েকদিন আগে থেকেই নদননদীগুলির জলস্তর বাড়তে থাকে, এর ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। তবে আগের তুলনায় বন্যা কমলেও ক্ষয়ক্ষতির পরিমাণ কমছে না। এখনও ঘাটালের বেশ কিছুটা অংশ ডুবে রয়েছে। জলের তলায় রয়েছে কয়েকশো বিঘা জমি। যার জেরে ঘাটাল মহকুমা এলাকায় ক্ষতিগ্রস্ত অনেকেই। কয়েকদিনের টানা বৃষ্টিতে ভরেছে পুকুর, নদী, খাল প্রভৃতি। বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থা। ডুবেছে ঘর বাড়ি।

ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুই অবশ্য ঘাটালের এই জলমগ্ন হওয়া পরিস্থিতিকে বন্যা পরিস্থিতি বলে মানতে চাননি। তিনি বলেন, ঘাটালের সেই ভয়ঙ্কর বন্যা আর এখন নেই। বিভিন্ন নদী ও খাল সংস্কারের ফলে বন্যা পরিস্থিতি অনেকটাই ঠেকানো গেছে। নদীগুলিতে জলস্ফীতির কারণ হিসেবে কংসাবতী জলাধার থেকে জল ছাড়া এবং বাঁকুড়া পুরুলিয়া জেলার অতি বর্ষণের উল্লেখ করেছেন তিনি।


