ঘাটালে বন্যা পরিদর্শনে সাংসদ দীপক অধিকারী

কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ জুন: ঘাটালে বন্যা পরিদর্শনে এলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ দীপক অধিকারী তথা দেব। তিনি বন্যা প্লাবিত মনসুকার পরিস্থিতি পরিদর্শন করেন। ঘাটালের মাস্টার প্ল্যান প্রসঙ্গে সাংসদ বলেন, ঘাটাল মাস্টারপ্ল্যান সত্যিই এবার বাস্তবায়িত করা উচিত। আমি বহুবার কেন্দ্রকে চিঠি পাঠিয়েছি এই বিষয়ে কিন্তু তা সত্ত্বেও মাস্টারপ্ল্যান রূপায়িত হয়নি। এই মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানো জরুরি। রাজনীতি বড় কথা নয়, যেসব মানুষ জলবন্দি তাদের খাবার, ত্রাণ পৌঁছে দিতে হবে। অনেকে আছেন যারা বাড়ি ছেড়ে যেতে চাননি বা অন্য কোনও আত্মীয় বা কারোর বাড়ির ছাদে আশ্রয় নিয়েছেন তাদের কাছে খাবার জল পৌঁছে দিতে হবে। ভেঙ্গে যাওয়া ব্রিজগুলি আগে ঠিক করতে হবে বলে দেব মন্তব্য করেন এবং তিনি বলেন, যেহেতু ব্রিজ যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম তাই ব্রিজগুলিকে আগে ঠিক করতে হবে।
রাজ্য সরকার নদী গুলিকে পরিষ্কার করেছে বলে বন্যার প্রভাব কম বলে দাবি করেন দেব।

এইদিন সংসদ এলাকা পরিদর্শন করে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা বিস্তারিত জানেন এরপর তিনি মহকুমা শাসকের দপ্তরে মিটিং করবেন বলে জানান।
সাংসদের সাথে ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক রশ্মি কমল, এসপি দিনেশ কুমার, ঘাটালের মহকুমা শাসক সৌভিক চট্টোপাধ্যায় সহ অন্যান্য আধিকারিকরা।
উল্লেখ্য, টানা কয়েকদিনের বৃষ্টিতে ঘাটাল মহকুমার কিছু অংশ বন্যা প্লাবিত। এর মধ্যে ঘাটাল পুরসভার কয়েকটি ওয়ার্ড এবং মনসুকা সংলগ্ন গ্রামগুলি জলের তলায়। ঝুমি নদীর জলের তোড়ে ভেসে গিয়েছে মনসুকার লোহার সাঁকো। তবে এখন বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে জল কমতে শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *