100 days work, Ghatal, দীর্ঘ প্রতীক্ষার অবসান, ঘাটালের হরিশপুরে শুরু ১০০ দিনের কাজ

কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৯ জুন: দীর্ঘদিন বন্ধ থাকার পর পশ্চিমবঙ্গে ফের শুরু হলো ১০০ দিনের জবকার্ডের কাজ। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের ১১ নম্বর মনোহরপুর গ্রাম পঞ্চায়েতের হরিশপুর গ্রামে এই প্রকল্পের শুভ সূচনা করেন বিধায়ক শীতল কপাট ও বিডিও অভীক বিশ্বাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পারুল চানক-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।

উল্লেখ্য, ১০০ দিনের কাজ প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে দীর্ঘদিন ধরে অর্থ বরাদ্দ বন্ধ রেখেছিল কেন্দ্রীয় সরকার। এই অভিযোগের ভিত্তিতে একাধিকবার তদন্তে আসে কেন্দ্রীয় দল এবং দুর্নীতির তদন্তও শুরু হয়। তবে এতদিন প্রকল্পের কাজ পুনরায় চালু করা সম্ভব হয়নি। রাজ্যে সরকার পরিবর্তনের পর অবশেষে নতুন করে শুরু হলো এই কর্মসূচি।

হরিশপুর গ্রামে জহর বাউরের জমি থেকে অশোক দাসের জমি পর্যন্ত খালের মাটি কাটার কাজের মাধ্যমে প্রকল্পটির সূচনা হয়েছে। এই কাজের জন্য মোট প্রকল্প ব্যয় ধরা হয়েছে ২ লক্ষ ৩৯ হাজার ৪৭১ টাকা। এর মধ্যে অদক্ষ শ্রমিকদের মজুরি বাবদ বরাদ্দ রয়েছে ২ লক্ষ ২৮ হাজার ৮০ টাকা। দীর্ঘদিন পর ১০০ দিনের কাজ শুরু হওয়ায় এলাকায় খুশির হাওয়া বইছে। গ্রামবাসীদের আশা, এই প্রকল্পের মাধ্যমে যেমন এলাকার পরিকাঠামোর উন্নয়ন হবে, তেমনই বহু শ্রমজীবী মানুষের কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বচ্ছতা বজায় রেখে প্রকল্পের কাজ সম্পন্ন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *