সুশান ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৯ জুন: গত দু’দিনের টানা বর্ষণে জলমগ্ন ও দুর্ভোগের মুখে পড়েছেন বহু সাধারণ মানুষ। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের সহযোগিতায় ৯ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হলো ত্রিপল। বিশেষ করে কাঁচা ও আংশিক ক্ষতিগ্রস্ত বাড়ির বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে বৃষ্টি উপেক্ষা করে বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি এসসি মোর্চার উদ্যোগে ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রিপল তুলে দেওয়া হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের সহযোগিতায় এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মানুষের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেন।
এসসি মোর্চার কর্মী শোভন বৈধ জানান, “প্রবল বৃষ্টির কারণে বহু পরিবারের ঘরে জল ঢুকেছে এবং বসবাসে সমস্যা তৈরি হয়েছে। মানুষের এই দুর্দিনে পাশে দাঁড়ানোর জন্যই আমরা ত্রিপল বিতরণের উদ্যোগ নিয়েছি।”
স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং বিপদের সময়ে পাশে থাকার জন্য সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

