স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৪ ফেব্রুয়ারি: জোটের দরজা খোলা ছিল, তবুও আগ্রহ দেখায়নি লাল ঝান্ডা। তাই পুর নির্বাচনে বামেদের সাথে জোট নয়, একলা চলবে কংগ্রেস। পালটা জোটের রাস্তায় না গিয়ে শক্তি পরীক্ষায় তিন পুরসভায় প্রার্থী দিচ্ছে বামেরা। নির্বাচনের দিন ঘোষণা হতেই জোট রাজনীতিতে দুই জোট সঙ্গীর তরজায় সরগরম উত্তর দিনাজপুর জেলা।

পুর নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে বৃহস্পতিবার। সেই মতো উত্তর দিনাজপুরের ইসলামপুর, কালিয়াগঞ্জ ও ডালখোলা এই তিন পুরসভায় ভোট হচ্ছে। কিন্তু আগে থেকেই নির্বাচনী প্রস্তুতি শুরু করেছিল সমস্ত রাজনৈতিক দলগুলি। এক সময়ের নিজেদের গড় বাঁচিয়ে রাখতে ময়দানে নেমেছে কংগ্রেস। বিগত বিধানসভা নির্বাচনের মত বামেদের সঙ্গে জোট হবে কি না তা নিশ্চিত না হলেও জোটের জন্য দরজা খোলা ছিল বলে দাবি করে কংগ্রেস। কিন্তু জোটের হাতছানিতে সাড়া দিয়ে জোটে কোনো আগ্রহ দেখায়নি লাল বাহিনী। বামেদের তরফে জোটে কোনো প্রস্তাব না পেয়ে তিন পুরসভার প্রতিটি ওয়ার্ডেই আলাদাভাবে প্রার্থী দিতে চলেছে কংগ্রেস।
এদিকে বিগত নির্বাচনে কংগ্রেসের আন্তরিকতার অভাব থাকায় জোটে যেতে রাজি নয় বামেরাও। মূলত বাম কংগ্রেস একে অন্যের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে এবারের পুর নির্বাচনে একলা চলাতেই আস্থা রাখছে এটা স্পষ্ট। এখন এই আলাদা লড়াইয়ে এক সময়ের দুই জোট সঙ্গীর আখেরে কোনো ফায়দা হয় কি না সেটাই দেখার।

