আইনজীবীদের সঙ্গে দুর্ব্যবহার করছেন বিচারক, অভিযোগ তুলে অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধ রেখে আন্দোলন বনগাঁ মহকুমা আদালতের আইনজীবীদের

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১১ মে: বনগাঁর আইনজীবীদের সঙ্গে দুর্ব্যবহার করছে বিচারক, অভিযোগ তুলে অনির্দিষ্টকালের জন্য আদালত বন্ধ রেখে আন্দোলন আইনজীবীদের। ঘটনাটি উত্তর ২৪ পরগনার বনগাঁ মহকুমা আদালতের। বুধবার আইনজীবীরা কর্মবিরতি রেখে আদালত চত্বরে প্রতিবাদ সভা করেন।

বনগাঁ মহকুমা আদালতের ল-ইয়ার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সমীর দাস বলেন,”বনগাঁ আদালতের বিচারক, আইনজীবীদের সঙ্গে বাজে ভাষায় কথা বলছেন। গতকাল আমাদের এক মেম্বার
দীপাজ্ঞয় দত্তর সঙ্গে দুর্ব্যবহার করেছে জজ সাহেব শান্তনু মুখোপাধ্যায়। তাই আমরা এই ঘটনার প্রতিবাদ জানাতে আন্দোলনের ডাক দিয়েছে। আদালতের বিভিন্ন ক্ষেত্রে টাকা না দিলে কাজ হয় না। রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে গিয়েছে। থানায় দারোগা বিভিন্ন অভিযুক্তর হয়ে কিভাবে জামিন করা যায় তার প্যাকেট সিস্টেম করে ল-ইয়ার্সদের সঙ্গে যোগাযোগ করছেন। তার বিরুদ্ধেও আজ আমরা প্রতিবাদে সামিল হয়েছি।

এদিন বনগাঁ মহকুমা আদালতের এডিজে ১ আদালতে অনির্দিষ্ট কালের জন্য বয়কট করে আন্দোলন শুরু করলো আইনজীবীরা। বুধবার বেলা বারোটা নাগাদ আদালতের শতাধিক আইনজীবী, ল-ক্লার্ক অ্যাসোসিয়েশনের সদস্য সহ একাধিক সংগঠনের সদস্যরা মিছিল করে বিচারকের ঘরের সামনের বেঞ্চে বসে বিক্ষোভ দেখাতে থাকে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *