সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১১ মে: আলুর অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে রাজ্য সরকারের সমালোচনা করতে গিয়ে তৃণমূল নেতাদের পিছনে পেট্রোল দেওয়ার নিদান দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আজ ভয় মুক্ত বাংলা-হিংসা মুক্ত রাজনীতির দাবিতে বাঁকুড়া শহরে এক পদযাত্রায় অংশগ্রহণ করে। পদযাত্রা শেষে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন তিনি।
রাজ্যে রাজনৈতিক হিংসা, ধর্ষণ, কাটমানি ইত্যাদির প্রসঙ্গ তুলে তৃণমূল সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, আলু ছিল ১৫-২০ টাকা কিলো, এখন তা ৩৫-৪০ টাকা কিলো। আলুর অস্বাভাবিক মূল্য বৃদ্ধি হয়েছে একশো শতাংশ, আর পেট্রোল ২০- ২৫ শতাংশ। তিনি বলেন, পেট্রোল সবাই খায় না, আলু সবাই খায়। আলু তো আর ইউক্রেন, রাশিয়া থেকে আসে না। আলু পটল, ঢেঁরশের দাম কমাতে পারে না, আবার পেট্রল। তিনি বলেন, এই তৃণমূল নেতাদের পিছনে পেট্রোল দিয়ে দিন দেখুন কেমন ছুটবে, তখন জিজ্ঞাসা করুন কেমন মজা। এ প্রসঙ্গে তিনি বলেন, ছোট বেলায় আমরা মজা করে কুকুরের পিছনে পেট্রোল দিয়ে দিতাম। দিলীপ বাবুর এই ধরনের বেলাগাম মন্তব্য শুনে সভাস্থলেই মৃদু গুঞ্জন শুরু হয়। এনিয়ে যে সমালোচনার ঝড় উঠবে সে কথা বলাই বাহুল্য।
আজ বিজেপির উদ্যোগে ভয় মুক্ত বাংলা-হিংসা মুক্ত রাজনীতি শ্লোগানকে সামনে রেখে লালবাজার মোড় থেকে পদযাত্রা শুরু হয়। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই পদযাত্রায় অংশ নেন। এছাড়াও জেলার দুই সাংসদ ডাঃ সুভাষ সরকার ও সৌমিত্র খাঁ অংশ নেন। মিছিলে দূর দূরান্তের বহু কর্মী যোগ দেন। মিছিলে ভালো সাড়া মিলতেই দিলীপ বাবু ঝাঁঝালো ভাষায় আক্রমণ করেন শাসক দলকে। এদিন সাংসদ সুভাষ সরকার ও সৌমিত্র খাঁ বক্তব্য রাখেন।

