আমাদের ভারত, ব্যারাকপুর, ১১ মে: জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম আর বিজেপি সাংসদ অর্জুন সিং এক সাথে পাশাপাশি এক ধর্মীয় মিছিলে পা মেলালেন। বুধবার সকালে এই দৃশ্য দেখে ফের রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে তাহলে অর্জুন সিং কি আবার তৃণমূলে যোগ দিচ্ছেন? ভাটপাড়ায় ফক্করবাবা শিব মন্দির টি নব রূপে নির্মিত হয়েছে। যার উদ্বোধনের আগে কলসযাত্রায় একসাথে অংশ নিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং ও জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। দীর্ঘ পথ এক মিছিলে তাদের দুজনেকে প্রায় পাশাপাশি এক সঙ্গে হাঁটতে দেখা যায়।

অন্যদিকে গঙ্গার ঘাটে পুজো করতে দেখা গেল ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিং এবং জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামকে। এই মন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে এদিন গঙ্গা পুজোর আয়োজন করা হয়। তাতে একসাথে পুজো দিতে দেখা যায় অর্জুন পুত্র পবন সিং ও তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামকে। এদিন যুযুধান দুই পক্ষকে এক সাথে দেখে তাদের এই বিষয়ে জিজ্ঞেস করা হলে অর্জুন সিং বলেন, “ধর্মের বিষয় এটা। এই মন্দির বহু বছরের পুরনো তাই ধর্মের জন্য কেউ কোনো পুজোয় অংশ নিলে মিছিলে হাঁটলে সেটা তো ভালো। সেখানে কাউকে আমরা বাধা দিতে পারি না। তবে এর সাথে রাজনীতি জড়িয়ে দেবার প্রয়োজন নেই।”
অপর দিকে তৃণমূল বিধায়কও ধর্ম ও রাজনীতিকে আলাদা রাখার কথা জানান।

