স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১১ মে: জমি নিয়ে শরীকি বিবাদে ঘর আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ। অভিযোগের তীর গ্রাম পঞ্চায়েতের সদস্যার স্বামী সহ তার ভাইয়েদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার অন্তর্গত কৃষ্ণমড়ি এলাকায়। এই ঘটনায় স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যার স্বামী ইফতেকার আলি সহ তার ভাইয়েদের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয়সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ থানার কৃষ্ণমড়ি গ্রামের বাসিন্দা মনসুর আলির পাঁচ বিঘা জমি দীর্ঘদিন ধরে তার নামে রেকর্ড ছিল। বুধবার সকালে শীতগ্রাম গ্রাম পঞ্চায়েতের সদস্যা রুনা লায়লার স্বামী ইফতেকার আলি সহ তার ভাইয়েরা এই জমিটি দখল করতে আসে। সেই সময় বাড়িতে ছিল না মনসুর আলি। মনসুর বাড়িতে না থাকায় মনসুরের বাড়ি ভাঙ্গচুর চালানোর পাশাপাশি বাড়িতে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রায়গঞ্জ থানার পুলিশ সহ দমকল বাহিনী। দমকল বাহিনীরা আগুন নিয়ন্ত্রণে আসে।

মনসুর আলির স্ত্রী ফিরোজা ইয়াসমিন জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তাদের জমি ছিল। এই জমিটিতে দখল করতে আসে শীতগ্রাম গ্রাম পঞ্চায়েতের সদস্যা রুনা লায়লার স্বামী ইফতেকার আলি সহ তার ভাইয়েরা। পাশাপাশি মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। এই ঘটনায় ওদের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অন্যদিকে শীতগ্রাম গ্রাম পঞ্চায়েতের সদস্যা রুনা লায়লার স্বামী ইফতেকার আলি গোটা ঘটনাটি অস্বীকার করে তাকে ফাঁসানো হচ্ছে বলে দাবি করেন। পাশাপাশি তিনি আরও বলেন, যে জমিটি অবৈধভাবে দখল করে রেখেছে মনসুর আলি এবং নিজেরাই বাড়ি ভাঙ্গচুর করে আগুন লাগিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

