বনগাঁয় বজ্রপাতে মৃত্যু এক কৃষকের

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১১ মে: সকালে ঝড়-বৃষ্টির সময়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে পুলিশ। বুধবার গাইঘাটা থানার ধর্মপুর এলাকার এক গ্রামের বাসিন্দা সন্যাসী মণ্ডল (৬০) নামে এক কৃষককে ঝলসে যাওয়া অবস্থায় বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকদের বক্তব্য, সন্যাসীবাবুর গোটা দেহই পুড়ে গিয়েছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এদিন সকালে বাড়ির পাশে সবজি ক্ষেতে কাজ করছিলেন সন্যাসীবাবু ও তাঁর স্ত্রী। স্ত্রীর দাবি, বৃষ্টির মধ্যে হঠাৎ বিকট শব্দে পাশেই বজ্রপাত হয়। তাঁর স্বামী দাঁড়িয়ে পড়ে। একটু এগিয়ে তার গায়ে হাত দিতেই মাটিতে লুটিয়ে পরে সে। কান্নায় ভেঙে পড়েন তাঁর স্ত্রী। কান্নার শব্দ শুনে ছুটে আসে আশপাশের কৃষকরা। সেখান থেকে তাকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানিয়েছে, বজ্রপাতে সন্যাসীবাবুর গোটা শরীর ঝলসে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।

খবর পেয়ে হাসপাতলে ছুটে আসে বনগাঁ থানার পুলিশ। এরপর পুলিশ ময়না তদন্তের জন্য মৃতদেহ পাঠিয়েছে। মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *