সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা,
১০ নভেম্বর: পঞ্চায়েত ভোট এগিয়ে আসার সঙ্গে সঙ্গে নতুন করে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে তরজা শুরু হয়ে গেল উত্তর ২৪ পরগনায়। ওই আইনে রাজ্যে কার্যকর করতে দেওয়া হবে না বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রামীণ এলাকায় তা নিয়ে ইতিমধ্যেই দলের নেতা-কর্মীরা সরব হয়েছেন। তার পাল্টা জবাব দিতে যেন বিজেপি তৈরি থাকে, সেই বার্তাই বৃহস্পতিবার দিলেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এ দিন উত্তর ২৪ পরগনার গাইঘাটা পূর্ব মণ্ডলের কর্মী সন্মেলনে এসেছিলেন তিনি। সেখানেই এ কথা বলেন।
সিএএ’ নিয়ে নতুন করে বনগাঁ মহকুমা বিজেপি নেতারা যেমন সরব, মোকাবিলায় নামছে তৃণমূলও। মুখ্যমন্ত্রী বুধবারও বলেছেন, ওই আইন এ রাজ্যে বলবৎ করতে দেবেন না। যদিও তার বিরুদ্ধে বনগাঁ মহকুমা সহ উত্তর ২৪ পরগনায় নতুন করে জনমত তৈরি শুরু করেছে বিজেপি। সুকান্তবাবু বলেন, মুখ্যমন্ত্রীর ধারণা যে ভুল, তা বিভিন্ন পঞ্চায়েতে এবং দলীয় স্তরে বোঝানোর কাজ শুরু হয়েছে। তিনি বলেন, “সিএএ কারও নাগরিকত্ব কেড়ে নেওয়া নয়, বরং তা দেওয়া। সংসদ এবং রাজ্যসভায় আইন পাশ হয়েছে। তা কার্যকর না হতে দিয়ে মুখ্যমন্ত্রী ভুল বোঝাচ্ছেন। আমরা মিটিং-মিছিলে এ কথাই প্রচার করব।”
তবে বিষয়টি নিয়ে নাছোড় তৃণমূলও কোমর বাঁধছে বলেই খবর। বাগদার বিধায়ক বিশ্বজিত দাস বলেন, “আগেও আন্দোলন করেই সিএএ রোখা হয়েছে। পঞ্চায়েতের আগে বিজেপির এ সব ভাঁওতা। মানুষকে বোঝাতে হবে। বিজেপি কাজ করে না। কেবল ভোট এলে রাজনীতি শুরু করে।”

