আমাদের ভারত, ৩১ মে: প্রয়াত গায়ক কে কে। নজরুল মঞ্চে উল্টোডাঙার গুরুদাস মহাবিদ্যালয়ের গানের অনুষ্ঠান চলাকালীন মৃত্যু সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথের। বাংলা, হিন্দি, তামিল, কণ্ণড়, মালয়ালাম, মারাঠি, অসমীয়া ভাষায় গান গেয়েছেন। অসুস্থ হওয়ার পর ডায়মন্ড হারবার রোডের পাশে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সম্প্রতি কলকাতায় এসেছিলেন তিনি। ৫৪ বছর বয়সে মারা গেলেন তিনি।

সূত্রের খবর, হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। হাসপাতাল সূত্রে খবর, যখন তাঁকে নিয়ে আসা হয়, তখন তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে জানানো হয়েছিল। পরে তাঁকে পরীক্ষা করে বলা হয় তিনি মারা গিয়েছেন। এখন হাসপাতালে পৌঁছচ্ছেন হাসপাতালের প্রবীণ চিকিৎসকরা। যাচ্ছেন প্রশাসনিক আধিকারিকরাও। পুলিশের উচ্চপদস্থ কর্তারা হাসপাতালে উপস্থিত রয়েছেন।

পৌঁছছেন অরূপ বিশ্বাস, মন্ত্রী বলেন, ‘আমি অফিস থেকে বাড়ি ফিরছিলাম। মাঝপথে ফোন পেয়েছি। এখানে মৃত অবস্থায় আনা হয়েছিল বলে শুনলাম। বাড়ির লোক, মুম্বই থেকে যাঁরা এসছিলেন, তাঁদের সঙ্গে কথা বলে দেখছি।’ সঙ্গীত শিল্পি জিত গাঙ্গুলি খবর পেয়ে হাসপাতালে ছুটে যান। তিনি বলেন, বহু পুরনো বন্ধু। তার এই মৃত্যু মেনে নিতে পারছি না। ভাবতেই পারছি না কে কে আর নেই।

