সাথী দাস, পুরুলিয়া, ১০ জানুয়ারি: বাড়ির কাছেই যুবকের ক্ষতবিক্ষত রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পুরুলিয়ার কাশীপুর থানার অন্তর্গত ভার্টিন গ্রামে। মৃত যুবকের নাম বৃহস্পতি মাহাত (২৫)। তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ পরিবারের। বাবা অমল মাহাত স্থানীয় তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী। তিনি পুলিশকে জানান যে, রাতে তাঁর ছেলেকে কেউ ফোন করে ডাকে। তার পর ছেলে বাইরে বেরিয়ে যায়। আর ফেরেনি। কেউ বা কারা ছেলেকে নির্মমভাবে হত্যা করেছে বলে পুলিশের কাছে অভিযোগ করেন মৃতের বাবা।
পরিবার সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় কয়েকজন যুবক বৃহস্পতি মাহাতকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর রাতে ওই যুবক আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা বার বার ওই যুবকের ফোনে যোগাযোগ করেছিলেন বলে দাবি। কিন্তু তাঁর কোনও খোঁজ মিলছিল না। আজ সকালে বাড়ির কাছে একটি পুকুর পাড় থেকে যুবকের ক্ষতবিক্ষত রক্তাক্ত দেহ উদ্ধার হয়।
খবর পেয়ে কাশীপুর থানার পুলিশ সেখান থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। স্থানীয়ভাবে জানা গিয়েছে, ওই যুবক কয়েক বছর ধরে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। এক বছর আগে তিনি বাড়ি ফেরেন। করোনার জেরে আর সেখানে ফেরা হয়নি তাঁর। কীভাবে এই ঘটনা ঘটলো, তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। উদ্ধার হওয়া ওই যুবকের মোবাইলের কল লিস্টও দেখা হচ্ছে।

