স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৩ ফেব্রুয়ারি: মন্দির থেকে তিনটি মূর্তি চুরি হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানা এলাকার বাজারগাঁও গ্রাম পঞ্চায়েতের বেগুয়া গ্রাম এলাকার হরি মন্দিরে।
মন্দিরের পুরোহিত অসিত গোঁসাই জানিয়েছেন, প্রতিদিনের মত রবিবার ভোরবেলায় তিনি মন্দিরে গিয়ে দেখেন মন্দিরের সদর গেটের তালা ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে। এরপর মন্দিরের ভেতরে ঢুকে দেখেন গ্রিল ভেঙ্গে জগন্নাথ, বলরাম, শুভদ্রার মূর্তি মন্দির থেকে উধাও। খোয়া গিয়েছে মূর্তির সব অলংকারও।

এই ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। চুরির ঘটনা জানাজানি হতেই এলাকাবাসীরা মন্দির প্রাঙ্গণে এসে ভিড় জমান। জানা গিয়েছে, এর আগেও এই মন্দিরে চুরির ঘটনা ঘটেছিল। পুলিশ তদন্ত করে সে সকল দুষ্কৃতীদের শনাক্ত করতে পেরেছিল। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডালখোলা থানার পুলিশ। কে বা কারা এ ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।


