আশিস মণ্ডল, রামপুরহাট, ১৩ ফেব্রুয়ারি: ভারতবর্ষের ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষ্যে ‘আজাদি কা অমৃত মহাউৎসব’ পালিত হল বীরভূমের মল্লারপুরে। নেহেরু যুব কেন্দ্রের পরিচালনায় এবং মল্লারপুরের স্বেচ্ছাসেবী সংস্থা নইসুভার সহযোগিতায় জেলা স্তরে ‘প্রতিবেশী যুব সংসদ’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য উপভোক্তা বিরোধ নিস্পত্তি ও কমিশনের সদস্য, বিচারক শ্যামল গুপ্ত, নেহেরু যুব কেন্দ্রের বীরভূম জেলা আধিকারিক রায়া দাস, সিউড়ি সদর হাসপাতালের চিকিৎসক শৈবাল মজুমদার, মল্লারপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক জ্যোতির্ময় মণ্ডল, ষ্টেট ব্যাঙ্কের রামপুরহাট চিফ ম্যানেজার রণদীপ চক্রবর্তী। অনুষ্ঠানে মহিলাদের উন্নয়নে বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করা হয়। তার মধ্য অন্যতম ‘বেটি বাঁচাও বেটি পড়াও’। এছাড়াও কন্যা সন্তানের বেঁচে থাকা ও সুরক্ষার উপর জোর দেওয়া হয়। সুকন্যা সমৃদ্ধি যোজনা ও অটলা পেনশন যোজনার উপর জোর দেওয়া হয়।

রায়া দাস বলেন, “দিন দিন কন্যা সন্তান উদ্বেগজনকভাবে কমছে। সে বিষয়ে আমরা বেশি জোর দিয়েছি। এছাড়া বিভিন্ন কেন্দ্রীয় সরকার মেয়েদের জন্য বিভিন্ন স্কিম চালু করেছে। সেই সব স্কিমের সুবিধা তুলে ধরা হয়। কোভিড বিধি মেনে চলার উপরও অনুষ্ঠানে আলোচনা করা হয়। অনুষ্ঠানের মাঝে মাঝে ছিল কচিকাঁচাদের নৃত্য”।

