কবে ৫-১৫ বছর বয়সীদের টিকাকরণ, জানালেন স্বাস্থ্যমন্ত্রী

আমাদের ভারত, ১৩ ফেব্রুয়ারি;নতুন বছরের শুরু থেকে ১৫-১৮ বছর বয়সীদের টিকাকরন শুরু হয়েছে। এবার ৫-১৫ বছর বয়সীদের টিকাকরণ নিয়েও চিন্তা ভাবনা শুরু হয়ে গেছে। শনিবার এই বয়সের শিশুদের টিকাকরণ নিয়ে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মান্ডব্য বলেন, বিশেষজ্ঞ কমিটির তরফ সবুজ সংকেত পাওয়া গেলেই কেন্দ্র ৫-১৫ বছর বয়সীদের দ্রুত টিকাকরণ শুরু করবে।

কেন্দ্রীয় বাজেট নিয়ে শনিবার বিজেপির তরফে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে আসেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। সেখানে তাকে শিশুদের করোনা টিকাকরণ নিয়ে প্রশ্ন করা হলে জবাবে তিনি বলেন, বিশেষজ্ঞ কমিটি এখনও পর্যন্ত ৫-১৫ বছর বয়সীদের টিকাকরণ নিয়ে কিছুই জানায়নি। তারা সবুজসংকেত দিলেই কেন্দ্রের তরফ এই বিষয়ে দ্রুত পদক্ষেপ করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, কখন কোন বয়সসীমার নাগরিকদের টিকা দেওয়া হবে সেই সিদ্ধান্ত বিজ্ঞানীদের পরামর্শ অনুযায়ী নেওয়া হয়। বিশেষজ্ঞ কমিটির তরফে পরামর্শ দেওয়ার এক সপ্তাহের মধ্যে আমরা টিকা প্রয়োগের কর্মসূচি চালু করি। তাই ৫-১৫ বয়সীদের বিশেষজ্ঞ কমিটির তরফ থেকে টিকাকরণের পরামর্শ দেওয়া হলেই আমরা টিকাকরণ কর্মসূচি চালু করব।

চলতি বছরের প্রথম থেকেই‌ ১৫-১৮ বয়সীদের টিকাকরন এবং‌স্বাস্থ্য কর্মী সহ প্রথম সারির করোনার যোদ্ধা ও ষাটোর্ধ্ব ব্যক্তিদের বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, টিকাকরণ কোন বড় ইস্যু নয়। যথেষ্ট পরিমাণে ভ্যাকসিনের ডোজ রয়েছে। বিশেষজ্ঞমহলের পরামর্শ মেনেই আমরা চলবো।

প্রসঙ্গত উল্লেখ্য, গতবছর জুলাই-আগস্ট মাসে একটি সেরো সার্ভেতে দেখা গিয়েছিল শিশুদের মধ্যে ৬৭%র দেহে অ্যান্টিবডি তৈরি হয়ে গিয়েছে। এছাড়া শিশুরা করোনা আক্রান্ত হলেও অধিকাংশ উপসর্গহীন থেকে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *